
রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী ‘বাইক’ মিছিল
বাংলাদেশ
প্রতিবেদক, ফরিদপুর
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২২:২৯

সৌম্যদীপ সিকদার মরদেহ বাড়িতে নেয়া হলে পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে। ছবি: সময় সংবাদ
ফরিদপুরে কোচিংয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় সৌম্যদীপ সিকদার (১৩) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনায় তার বাবা সুমন সিকদারও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (১৪ নভেম্বর) রাতে স্কুল শিক্ষার্থীর মরদেহ বাড়িতে নেয়া হলে পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে।
এর আগে দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরের প্রবেশদ্বার রাজবাড়ী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌম্যদীপ ফরিদপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ‘ঘ’ শাখার শিক্ষার্থী ছিল। সে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারের ব্যবসায়ী সুমন সিকদারের বড় ছেলে।
পারিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাবা সুমন সিকদার মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে ছেলে সৌম্যদীপকে নিয়ে শহরের একটি কোচিং সেন্টারে যাচ্ছিলেন। পথে শহরের প্রবেশদ্বার রাজবাড়ী রাস্তার মোড়ে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবা-ছেলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সৌম্যদীপের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায় সৌম্যদীপ।
এদিকে দুর্ঘটনায় আহত বাবা সুমন সিকদার ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। রাতে সৌম্যদীপের মরদেহ বাড়িতে নেয়া হয়।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের পায়নি। পরে জানতে পারি স্কুল শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছে। ট্রাকটিকে খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
প্রাসঙ্গিক: