
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় রাজনৈতিক মহল: শ্রমমন্ত্রী

যশোর শিক্ষাবোর্ডে এ বছর মোট জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ পরীক্ষার্থী। ছবি: সময় সংবাদ
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষাবোর্ডে এ বছর গড় পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। এছাড়া মোট জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ পরীক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের সঙ্গে সঙ্গে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশিত হচ্ছে।
যশোর শিক্ষাবোর্ডের তথ্য মতে, এ বছর এইচএসসি পরীক্ষায় খুলনা বিভাগের ১০ জেলার ৫৭০টি কলেজের ১ লাখ ১২ হাজার ৭৯১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে পাস করেছেন ৫০ হাজার ৬৬৮ জন। বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছের ১৫ হাজার ১৬৭ পরীক্ষার্থী। মানবিক বিভাগ থেকে ৩০ হাজার ১৯১ জন ও বাণিজ্য বিভাগ থেকে ৫ হাজার ৩১০ পরীক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞান বিভাগে ছেলে ১ হাজার ১৭ জন ও মেয়ে ৮৪১ জন, মানবিক বিভাগে ছেলে ২৬৮ জন ও মেয়ে ৮৯৭ এবং বাণিজ্য বিভাগে ছেলে ৭৩ জন ও মেয়ে ১৩২ জন।
গত বছরের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। গত বছর গড় পাসের হার ছিল ৫০ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৫ হাজার ৯৯৫ জন। এ বছর শতভাগ পাস করেছে মাত্র তিনটি প্রতিষ্ঠান থেকে এবং একজনও পাস করেনি এমন বিদ্যালয়ের সংখ্যা ১৬টি।
অনলাইনে ফলাফল দেখবেন যেভাবে
অনলাইনে https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাচ্ছে। এছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে মুহূর্তেই ফল জানা যাচ্ছে।
আগামী ১ নভেম্বর থেকে ফল পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হবে। শিক্ষার্থীরা অনলাইন পদ্ধতিতে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এর আগে গত ২ জুলাই সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়। সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
এ বছর ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।