
আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগে ববির ৪ কর্মকর্তা পুলিশে সোপর্দ
শিক্ষা
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৭:৩৪

রাশিয়ায় প্রথমবারের মতো আয়োজিত মাল্টিন্যাশনাল ইয়ুথ জিওগ্রাফি অলিম্পিয়াড শেষে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ছবি বিজ্ঞপ্তি
রাশিয়ায় প্রথমবারের মতো আয়োজিত মাল্টিন্যাশনাল ইয়ুথ জিওগ্রাফি অলিম্পিয়াডে (এমওয়াই-জিইও-২০২৬) অসাধারণ আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। সামগ্রিক বিশ্ব র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অর্জনের পাশাপাশি বাংলাদেশ দল জয় করেছে সিলভার মেডেল।
এক অনন্য মেধা ও বৈজ্ঞানিক দক্ষতার স্বাক্ষর রেখে দলের পাঁচ সদস্যই ব্যক্তিগত পদক অর্জন করেছে, যার মধ্যে রয়েছে দুটি সিলভার ও তিনটি ব্রোঞ্জ মেডেল।
২০২৬ সালের ২৪ থেকে ৩১ অক্টোবর রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিত এমওয়াই-জিইও-২০২৬-এ বিভিন্ন দেশের প্রতিভাবান তরুণ ভূগোলপ্রেমীরা এতে অংশ নেন। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় তারা নিজেদের একাডেমিক জ্ঞান, বৈজ্ঞানিক দক্ষতা এবং ব্যবহারিক অভিজ্ঞতা প্রদর্শন করেন।
ব্যক্তিগত প্রতিযোগিতায় বাংলাদেশের তানভীর সাদাত ও আরিফা আতিক মীম সিলভার মেডেল অর্জন করে। অন্যদিকে, মো. তাওসিকুল ইসলাম, মিনহাজুল ইসলাম তাহমিদ এবং শাহরিয়ার নূর ব্রোঞ্জ মেডেল লাভ করে। দলের পাঁচ সদস্যের প্রত্যেকের ব্যক্তিগত পদক অর্জন এবং সামগ্রিকভাবে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার বাংলাদেশের জন্য এক বিশেষ গৌরবের বিষয়।
বাংলাদেশ দলের নেতৃত্ব দেন তাসিন মোহাম্মদ ও ফেরদৌস আহমেদ। তাদের দিকনির্দেশনা ও নেতৃত্ব দলের এই অসাধারণ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে, আহনাফ তাহমিদ উদ্দিন অলিম্পিয়াড চলাকালে দলের সঙ্গে পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করেন।
এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অংশগ্রহণের সুযোগ সৃষ্টিতে রাশিয়ান হাউস ইন ঢাকার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষার সুযোগ সৃষ্টি, বিজ্ঞানভিত্তিক কার্যক্রমে আগ্রহ বৃদ্ধি এবং বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে শিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারে প্রতিষ্ঠানটির ধারাবাহিক উদ্যোগের প্রতিফলন এই অংশগ্রহণ।
অলিম্পিয়াডের অন্যতম আকর্ষণীয় অংশ ছিল ব্যবহারিক মাঠপর্যায়ের পরীক্ষা, যা ২৮ অক্টোবর মনোরম রোজা খুতোর মাউন্টেন রিসোর্টে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা পাহাড়ি ভূপ্রকৃতি পর্যবেক্ষণ, একটি পাহাড়ি নদীর গভীরতা ও পানির প্রবাহের গতি পরিমাপ, পানির প্রবাহের পরিমাণ নির্ণয় এবং আবহাওয়াসংক্রান্ত বিভিন্ন পর্যবেক্ষণে অংশ নেয়। এসব পর্যবেক্ষণের মধ্যে ছিল বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুমণ্ডলীয় চাপ ও বাতাসের গতিবেগ পরিমাপ করেন।
এছাড়াও শিক্ষার্থীদের জন্য ছিল সৃজনশীল ও বিশ্লেষণধর্মী বিভিন্ন সমস্যা সমাধানের চ্যালেঞ্জ। এর মধ্যে স্কি লিফট থেকে দূরত্বের ভিত্তিতে কফির মূল্যসূচক নির্ণয়ের মতো ব্যতিক্রমী কাজও অন্তর্ভুক্ত ছিল। এর মাধ্যমে দৈনন্দিন জীবনে ভৌগোলিক জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতার বাস্তব প্রয়োগ তুলে ধরা হয়।
একাডেমিক প্রতিযোগিতার বাইরেও এমওয়াই-জিইও-২০২৬ ইভেন্টে বিভিন্ন দেশের তরুণ অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, দলগত কাজের দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক বন্ধুত্ব গড়ে তোলা এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে একে অপরের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানার মূল্যবান সুযোগ সৃষ্টি করে।
রাশিয়া বাংলাদেশসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সরকারি বৃত্তি, টিউশন ফি ছাড়া উচ্চশিক্ষার সুযোগ, রুশ ভাষার প্রস্তুতিমূলক কোর্স, একাডেমিক বিনিময় কর্মসূচি, বিজ্ঞানভিত্তিক অলিম্পিয়াড এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগসহ নানা বিশেষ শিক্ষাসুবিধা দিচ্ছে।

এসব উদ্যোগ মেধাবী তরুণদের মানসম্মত শিক্ষাগ্রহণ, বৈজ্ঞানিক প্রতিভার বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে।
রাশিয়ান সরকারি বৃত্তি কর্মসূচি এবং বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষামূলক উদ্যোগের মাধ্যমে রাশিয়া বাংলাদেশের সঙ্গে শিক্ষাক্ষেত্রে সম্পর্ক ও যোগাযোগ জোরদারে সক্রিয় ভূমিকা পালন করছে। বাংলাদেশে রসসত্রুদনিচেস্তভোর প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান রাশিয়ান হাউস ইন ঢাকা এ ধরনের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের শিক্ষাবিষয়ক পরামর্শ প্রদান, একাডেমিক বিনিময় উৎসাহিত করা এবং রাশিয়ার বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের যোগাযোগ স্থাপনে সহায়তা করে। পাশাপাশি আন্তর্জাতিক একাডেমিক প্রতিযোগিতায় মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং রাশিয়ার বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচির আওতায় বৃত্তির সুযোগ অন্বেষণেও উৎসাহিত করে।