
অপূর্ব-নীহার যে নাটকে দুই দিনে এক কোটি ভিউ
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৭:১২

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শুধু টাইগার শ্রফ নন, বলিউডের আরও কয়েকজন প্রথম সারির অভিনেতাকে নিশানা করার পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অমিতাভ বচ্চন, আমির খান, অক্ষয় কুমার ও সালমান খানের বাড়ির আশপাশেও নজরদারি চালানো হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
মুম্বাই পুলিশের অপরাধদমন শাখার তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, হামলাকারীদের প্রাথমিক লক্ষ্য ছিলেন অভিনেতা আমির খান। তবে শেষ মুহূর্তে পরিকল্পনা পরিবর্তন করে টাইগার শ্রফকে নিশানা করা হয় বলে জানা গেছে।
আমির খানের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে এর আগে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকির বার্তা ছড়িয়ে পড়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিনেতার তৃতীয় বিয়ে এবং গৌরী স্প্র্যাটের সঙ্গে তার সম্পর্ককে কেন্দ্র করে ওই হুমকি দেয়া হয় বলে জানা গেছে।
ওই বার্তায় আমির খানের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর প্রচারের অভিযোগ তোলা হয়েছিল। পাশাপাশি, নিজেদের সংস্কৃতি ও ধর্মের বিরুদ্ধে কাজের অভিযোগ এনে হুমকিও দেওয়া হয়। এর আগে জুলাই মাসেও আমির খান হুমকি পেয়েছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আমির খান খুব একটা জনসমক্ষে আসেন না। অন্যদিকে, টাইগার শ্রফকে বিভিন্ন সময়ে প্রকাশ্যে দেখা যায়। সে কারণেই শেষ পর্যন্ত লক্ষ্য পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, টাইসন বিষ্ণোই ও আরজু বিষ্ণোইয়ের নামে পরিচালিত একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে হুমকিমূলক পোস্ট দেওয়া হয়েছিল বলে জানা গেছে।
পোস্টটিতে তারকাখ্যাতির আড়ালে কথিত ‘লাভ জিহাদ’-এর প্রচারের অভিযোগ তুলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়।
এদিকে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় সর্বশেষ শনিবার ইন্দোর থেকে ২২ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।
তবে হামলার পেছনে কারা সরাসরি জড়িত, কীভাবে পরিকল্পনা করা হয়েছিল এবং এর সঙ্গে হুমকিদাতাদের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনায় এখনো মানসিকভাবে বিপর্যস্ত টাইগার শ্রফ। এ কারণে এখন পর্যন্ত পুলিশের কাছে নিজের বিস্তারিত বক্তব্য নথিভুক্ত করাননি তিনি।
তার বক্তব্য নিতে মুম্বাই পুলিশের অপরাধদমন শাখার একটি দল অভিনেতার বাড়িতে গিয়েছিল বলে জানা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে টাইগার জানিয়েছেন, এ ঘটনায় তিনি প্রচণ্ড ধাক্কা খেয়েছেন। কে এবং কেন তার ওপর এমন প্রাণঘাতী হামলা চালাতে চাইবে, তা বুঝতে পারছেন না তিনি। কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই বলেও জানিয়েছেন অভিনেতা।
এ ঘটনায় টাইগারের গাড়িচালক ফিরদৌস বালোচ এবং ভ্লগার উমেশ চৌহানের বক্তব্য নথিভুক্ত করেছে পুলিশ।
বলিউডের একাধিক তারকাকে ঘিরে সম্ভাব্য হামলার পরিকল্পনার এই তথ্য সামনে আসায় চলচ্চিত্র অঙ্গনে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার উদ্দেশ্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।