
আজ কোথায় কী? (৮ অক্টোবর ২০২৬)
মহানগর ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ৬:৩২

শনিবার (১০ অক্টোবর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
শুভ মহালয়া উপলক্ষে রাজধানীর শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত মহালয়ার মূল অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদীর।
এ ছাড়া সকাল সাড়ে ৭টায় পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ এবং সকাল ৯টায় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। মহালয়ার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার দেবীপক্ষের সূচনা হয়।
সকাল সাড়ে ৯টায় রাজধানীর সাতারকুলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) বাংলা কিউআর কোড ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি প্রদান কার্যক্রমের উদ্বোধন হবে। ওয়ান ব্যাংক পিএলসি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
সকাল ১১টায় রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেস হলে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) ত্রৈমাসিক জার্নালের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন হবে। জুলাই-সেপ্টেম্বর ২০২৬ প্রান্তিকের এ সংখ্যার শিরোনাম ‘আনলকিং এক্সপোর্ট ডাইভারসিফিকেশন থ্রু হালাল প্রোডাক্ট’। এতে বাংলাদেশের রফতানি পণ্যে বৈচিত্র্য আনতে হালাল পণ্যের সম্ভাবনা ও গুরুত্ব তুলে ধরা হয়েছে।
বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এতে বেসরকারি খাতের ব্যবসায়ী, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি, অর্থনীতিবিদ, গবেষক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।