
আইজেনকোটের সময় ২৮ দিন, কীভাবে মিলতে পারে আসন সমীকরণ?
এক্সপ্লেইনার
আল-জাজিরা
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৯:১২

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেসব দেশকে যুক্তরাষ্ট্র সুরক্ষা দিয়েছে, তাদের কাছ থেকে যুদ্ধের খরচ আদায়ের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার প্রচারিত সিবিএস নিউজের প্রতিনিধি রস ডাউথাটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যেসব দেশকে যুক্তরাষ্ট্র সুরক্ষা দিয়েছে, তাদের যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় করা সব অর্থ পরিশোধ করতে হবে।
ট্রাম্প বলেন,
আমরা সব অর্থ ফেরত নেব। তারা শতভাগ অর্থ পরিশোধ করবে। কারণ, আমরা না থাকলে তাদের অস্তিত্বই থাকত না।
এবারই প্রথম সরাসরি ইসরাইলের কাছ থেকেও ক্ষতিপূরণ আদায়ের কথা বলেছেন ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ না থাকলে ইসরাইলের অস্তিত্ব থাকত না।
যুক্তরাষ্ট্রের এই ক্ষতিপূরণ আদায়ের দাবি এমন এক সময়ে সামনে এল, যখন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টি বড় ধরনের ধাক্কা খেয়েছে। ইরান যুদ্ধ নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ নির্বাচনে খারাপ ফলের অন্যতম কারণ ছিল বলে স্বীকারও করেছেন ট্রাম্প।
এরপর সামরিক দিক থেকে ইরান যুদ্ধ কার্যত শেষ বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে যুদ্ধ শুরু করার সিদ্ধান্তকে এখনো ‘খুব ভালো সিদ্ধান্ত’ বলে দাবি করছেন তিনি।
প্রশ্ন হলো- ট্রাম্পের ক্ষতিপূরণ আদায়ের দাবি পেছনে কারণ কী? যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর ওপর এর সম্ভাব্য প্রভাবই কী?
এবারই প্রথম সরাসরি ইসরাইলের নাম উল্লেখ করেছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধের শুরু থেকেই সরাসরি অংশ নিয়েছিল দেশটি।
ট্রাম্প বলেন, ‘আমরা তাদের (ইরানের) পারমাণবিক অস্ত্রভাণ্ডার ধ্বংস করে দিয়েছি। আমি যদি তা না করতাম, তাহলে এখন ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না। ইসরাইল নিশ্চিহ্ন হয়ে যেত।’
এর আগে হরমুজ প্রণালির আশপাশে মার্কিন সামরিক উপস্থিতি থেকে সুবিধা পাওয়া উপসাগরীয় দেশগুলোর কাছ থেকেও যুদ্ধের খরচ আদায়ের কথা বলেছিলেন ট্রাম্প। উত্তেজনাপূর্ণ এই প্রণালিতে জাহাজ চলাচলের 'নিরাপত্তায়' মার্কিন বাহিনী পাহারা দিচ্ছে।
জুলাইয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন,
আমরা বিশ্বের অত্যন্ত সমৃদ্ধ একটি অঞ্চলকে সুরক্ষা দিচ্ছি। এ জন্য আমাদের অর্থ ব্যয় হচ্ছে। তাই আমরা যে সুরক্ষা দিচ্ছি, তার খরচ আমাদের ফেরত দেওয়া হবে।
এ ক্ষেত্রে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, বাহরাইন ও কুয়েতের নাম উল্লেখ করেছিলেন তিনি। এসব দেশের কাছ থেকেই অর্থ আদায় করতে চান বলে জানান ট্রাম্প।
তবে ইসরাইল যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল, সেখানে উপসাগরীয় দেশগুলো বলেছে, ওয়াশিংটনের যুদ্ধ পরিকল্পনা সম্পর্কে তাদের আগেভাগে কিছুই জানানো হয়নি। উল্টো ইরানের পাল্টা হামলার সবচেয়ে বেশি শিকার হয়েছে এসব দেশ।
উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য হিসেবে এসব দেশ শুরু থেকেই কূটনৈতিক উপায়ে সংঘাতের সমাধানের আহ্বান জানিয়ে আসছে।
মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ৪ হাজার ৭১০ কোটি ডলার।
তবে প্রকৃত ব্যয় আরও বেশি হতে পারে। কারণ, মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলায় হওয়া ক্ষয়ক্ষতি মেরামতের খরচ এই হিসাবের মধ্যে ধরা হয়নি।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও) এক হিসাব প্রকাশ করে জানায়, যুদ্ধ যত দিন চলবে, প্রতি মাসে অতিরিক্ত ২০০ কোটি থেকে ৩০০ কোটি ডলার খরচ হতে পারে।
বিশ্লেষকদের মতে, সরাসরি অর্থ আদায়ের পথে সম্ভবত হাঁটবেন না ট্রাম্প।
চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির সহযোগী গবেষক নিল কুইলিয়াম আল-জাজিরাকে বলেন, ট্রাম্পের এই বক্তব্যকে বাস্তব কোনো নীতিগত প্রস্তাবের চেয়ে রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা ভালো।
বিশেষ করে উপসাগরীয় দেশগুলো ট্রাম্পের এই বক্তব্যকে খুব বেশি গুরুত্ব দেবে না বলে মনে করেন কুয়েত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির সহযোগী গবেষক বাদার আল-সাইফ।
তিনি বলেন, ‘আমার মনে হয়, যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন চ্যানেলে ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন, তা মূলত তার দেশের দর্শকদের উদ্দেশে। উপসাগরীয় দেশগুলোও বিষয়টিকে সেভাবেই দেখবে।’
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিশ্লেষক স্টেফান লুকাসও ট্রাম্পের বক্তব্যের পেছনে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টি তুলে ধরেছেন।
তার মতে, ট্রাম্প এখন দোষ চাপানোর জন্য কাউকে খুঁজছেন। মধ্যবর্তী নির্বাচনে খারাপ ফলের প্রভাব থেকে মানুষের মনোযোগ সরাতে সম্ভাব্য সবকিছুই করছেন তিনি।
স্টেফান লুকাস আল-জাজিরাকে বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের কাছ থেকে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ আদায় করা হবে, এমনকি এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হবে—এমন সম্ভাবনাও কম।
তবে তার ধারণা, ইসরাইলের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা আদায়ের বিষয়ে ট্রাম্প তুলনামূলকভাবে বেশি আন্তরিক হতে পারেন। বিশেষ করে চলতি বছরের শেষের পর ইসরাইলকে আর মার্কিন সহায়তা দেওয়া হবে না বলে ঘোষণার পর বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
লুকাসের ভাষায়, এর একটি কারণ হলো, ট্রাম্পের দৃষ্টিতে ইসরাইলই তাকে ইরানের সঙ্গে একটি বিপর্যয়কর যুদ্ধে জড়িয়ে ফেলেছে।
যুদ্ধের ক্ষতিপূরণ বলতে কী বোঝানো হবে, তা নির্ধারণের ক্ষেত্রে ট্রাম্প নতুন কৌশল নিতে পারেন বলে মনে করেন বাদার আল-সাইফ। তার মতে, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আগে থেকে থাকা বাণিজ্য চুক্তি কিংবা যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগের প্রতিশ্রুতিকেও ক্ষতিপূরণ হিসেবে দেখাতে পারেন ট্রাম্প।
আল-সাইফ বলেন,
এমন অনেক চুক্তি রয়েছে, যেগুলো সামনে এনে তিনি অর্থ আদায়ের দাবি করতে পারেন। যুক্তরাষ্ট্রে বিনিয়োগের প্রতিশ্রুতিও উপসাগরীয় দেশগুলো অনেক দিয়েছে।
আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য রাজনীতির সহকারী অধ্যাপক ফরিদ বুসাইদের মতে, উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে আরও বেশি বিনিয়োগের চাপ দিতে পারে ওয়াশিংটন। পরে এসব বিনিয়োগকেই যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে তুলে ধরতে পারে যুক্তরাষ্ট্র।
বুসাইদ বলেন, ‘সম্ভবত সরাসরি অর্থ পরিশোধের বদলে পরোক্ষভাবে এই ক্ষতিপূরণ দেওয়া হবে। এর মধ্যে থাকতে পারে যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক বিনিয়োগ, আগে থেকে কেনার আদেশ দেওয়া অস্ত্রের বাইরে আরও মার্কিন অস্ত্রব্যবস্থা কেনা এবং ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের আর্থিক কর্মকাণ্ডসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিনিয়োগ।’
এর আগে বিদেশি বিনিয়োগ ও বাণিজ্য চুক্তি নিয়ে একাধিকবার বিভ্রান্তিকর দাবি করেছেন ট্রাম্প। এসব চুক্তি বা বিনিয়োগের প্রতিশ্রুতিকে তিনি যুক্তরাষ্ট্রকে দেওয়া অর্থ বা উপহার হিসেবে তুলে ধরেছেন।
২০২৫ সালের জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি বাণিজ্য চুক্তির পর ট্রাম্প দাবি করেছিলেন, জোটটি যুক্তরাষ্ট্রকে ৬০০ বিলিয়ন ডলারের একটি ‘উপহার’ দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এই অর্থ যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যেকোনো খাতে বিনিয়োগ করতে পারবে।
তবে চুক্তির কাঠামোতে এমন কোনো অর্থ সরাসরি দেওয়ার কথা ছিল না। সেখানে বলা হয়েছিল, ২০২৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন কৌশলগত খাতে ইউরোপীয় কোম্পানিগুলো ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
একই মাসে জাপানের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির আওতায় দেশটির ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিকেও ট্রাম্প ভিন্নভাবে তুলে ধরেছিলেন। তিনি একে বেসবল খেলোয়াড়দের চুক্তি সইয়ের সময় পাওয়া ‘সাইনিং বোনাসের’ সঙ্গে তুলনা করেছিলেন।
ট্রাম্পের প্রথম মেয়াদেও সীমান্তে দেয়াল নির্মাণের খরচ মেক্সিকোকে বহন করতে হবে বলে বারবার দাবি করেছিলেন তিনি। তবে সেই দেয়ালের নির্মাণকাজ কখনোই পুরোপুরি শেষ হয়নি। মেক্সিকোও এর জন্য কোনো অর্থ দেয়নি।
পরে নিজের বক্তব্য কিছুটা পরিবর্তন করে ট্রাম্প বলেছিলেন, দেয়াল নির্মাণের খরচ যুক্তরাষ্ট্রকে ফেরত দেবে মেক্সিকো অথবা অন্তত এর একটি অংশের খরচ বহন করবে দেশটি। কিন্তু শেষ পর্যন্ত সেটিও হয়নি। একপর্যায়ে তিনি দাবি করেছিলেন, মেক্সিকোর সঙ্গে তার করা একটি বাণিজ্য চুক্তি থেকে পাওয়া সুবিধাই দেয়াল নির্মাণের খরচ মিটিয়ে দেবে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধের কারণে এমনিতেই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র দেশগুলো। যে যুদ্ধ তারা শুরু করেনি, সেই যুদ্ধের জন্য আবারও অর্থ চাওয়া হলে বিষয়টি তারা ভালোভাবে নেবে না।
নিল কুইলিয়ামের মতে, সরাসরি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হলে উপসাগরীয় দেশগুলোর নেতারা নীরবে এর বিরোধিতা করতে পারেন। তাদের যুক্তি হবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্বের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তার পেছনে তারা আগে থেকেই উল্লেখযোগ্য অর্থ ব্যয় করে আসছেন।
এ ছাড়া, আঞ্চলিক সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র যেসব বড় সামরিক ঘাঁটি ব্যবহার করে, সেগুলোর কয়েকটির রক্ষণাবেক্ষণের খরচও বহন করে উপসাগরীয় দেশগুলো।
ফরিদ বুসাইদ বলেন, এ ধরনের দাবি উপসাগরীয় দেশগুলো বিশেষভাবে অপছন্দ করবে। কারণ, ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা এই যুদ্ধে দেশগুলোর বেসামরিক ও সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
বাদার আল-সাইফ বলেন, ট্রাম্পের অবজ্ঞাসূচক বক্তব্য যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক বজায় রাখা অংশীদার দেশগুলোর জন্য ভালো বার্তা নয়।
অন্যদিকে, ইসরাইলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা নেওয়ার দীর্ঘদিনের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা কম বলে মনে করেন ডারহাম বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্যের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মারজিয়ে কুহি এসফাহানি।
তিনি বলেন, ‘ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে সমন্বয় অব্যাহত থাকলেও, যুদ্ধের আর্থিক বোঝার উল্লেখযোগ্য অংশ ইসরাইলকে বহন করতে বললে তা দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক হবে। পাশাপাশি, বর্তমানে ইসরাইলের নিজস্ব আর্থিক সক্ষমতার সীমাবদ্ধতাও রয়েছে।’
প্রাসঙ্গিক: