
মজুরি চূড়ান্ত না হওয়া পর্যন্ত শ্রমিকদের কাজে ফেরার আহ্বান আইবিসির
অর্থ-বাণিজ্য
মাহমুদ শামসুল আরেফিন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫০

অগ্নি দুর্ঘটনার ফাইল ছবি
দেশে অগ্নিকাণ্ডে প্রতি বছর সোয়া ৫০০ কোটি টাকার বেশি সম্পদের ক্ষতি হচ্ছে। ফায়ার সার্ভিসের পরিসংখ্যান বলছে, বেশিরভাগ অগ্নিকাণ্ডের জন্য দায়ী বৈদ্যুতিক গোলযোগ। ক্ষয়ক্ষতি কমাতে না পারার পেছনে অগ্নিনির্বাপক যন্ত্র ও সরঞ্জাম ব্যবহারে ভবন মালিকদের উদাসীনতাকে দায়ী করছে ব্যবসায়ী সংগঠন ইসাব। অন্যদিকে, ফায়ার সার্ভিস বলছে, উদ্ধার অভিযানে গিয়ে অনেক ক্ষেত্রেই মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র পাওয়া যায়।
অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় মানুষের স্বপ্ন ও সারা জীবনের সঞ্চয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন ছোট-বড় মিলিয়ে গড়ে ৭৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বছরে মোট অগ্নিকাণ্ডের ২৫ শতাংশের বেশি ঘটে বাসাবাড়ি ও আবাসিক ভবনে। এসব দুর্ঘটনার ৩৫ শতাংশের বেশি ঘটে বৈদ্যুতিক গোলযোগের কারণে। আর রান্নার চুলা থেকে ঘটে প্রায় ১৩ শতাংশ অগ্নিকাণ্ড।
সাধারণ মানুষ বলছেন, ভবন নির্মাণের সময় থেকেই অগ্নিনিরাপত্তার ব্যবস্থা রাখা জরুরি। ভবন চালুর আগেই আগুন নেভানোর প্রস্তুতি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা উচিত। পাশাপাশি ভবনটি কতটা ঝুঁকিপূর্ণ, তা বিবেচনায় নিয়ে নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। কিন্তু এসব বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেয়া হয় না।
অনেক কাঠখড় পুড়িয়ে অবশ্য বর্তমানে বেশ নিরাপদ অবস্থানে রয়েছে রফতানিমুখী তৈরি পোশাকশিল্প। উদ্যোক্তাদের সচেতনতা ও আধুনিক অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার এ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখছে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘বিশ্বের সেরা কমপ্লায়েন্স ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো। এর মধ্যে কোনো সন্দেহ নেই।’
ফায়ার সার্ভিসের মাসিক পরিসংখ্যানে দেখা যায়, নভেম্বর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা বাড়তে শুরু করে। আর মার্চ-এপ্রিলে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইসাব) পর্যবেক্ষণ, বাসাবাড়ি ও আবাসিক ভবনে অগ্নিদুর্ঘটনা বাড়ার অন্যতম কারণ ভবন মালিকদের নিরাপত্তার চেয়ে অভ্যন্তরীণ সাজসজ্জায় বেশি গুরুত্ব দেয়া।
ইসাবের নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান হেলাল বলেন, ‘শিল্পকারখানায় অগ্নিনির্বাপক সরঞ্জামের ব্যবহার যে হারে বেড়েছে, আবাসিক বহুতল ভবনে সেই হারে বাড়েনি। বর্তমানে বাসাবাড়িতে মাত্র ৮ থেকে ১০ শতাংশ অগ্নিনির্বাপক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে ভবন নির্মাণ করা হলেও অগ্নিনিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যয় করতে চান না অনেক মালিক। এ খাতে ব্যয় এড়িয়ে যাওয়ার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। এছাড়া বাজারের কিছু অসাধু ব্যবসায়ী নকল পণ্য বিদেশ থেকে এনে স্থানীয়ভাবে সিল লাগিয়ে বিক্রি করছেন।’
ফায়ার সার্ভিস বলছে, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিবছর অগ্নিকাণ্ডে আর্থিক ক্ষতির পরিমাণ সোয়া ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। উদ্ধারকাজে গিয়ে অনেক ক্ষেত্রেই মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র পাওয়া যায়। জীবন ও সম্পদ রক্ষায় এসব যন্ত্রের সঠিক ব্যবহার নিশ্চিত করা না গেলে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি কমানো কঠিন হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান বলেন, ‘ভালো মানের পণ্য কেনার পাশাপাশি মেয়াদ শেষ হওয়ার আগেই সেগুলো পরিবর্তন করতে হবে। তাহলে এ ধরনের অনেক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। অনেক ক্ষেত্রে দেখা যায়, ভবনে যে সরঞ্জাম রাখা হয়েছে, সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। আবার কোথাও প্রয়োজনীয় সরঞ্জাম নেই, কিংবা যেখানে যে ধরনের সরঞ্জাম থাকা দরকার, সেখানে তা পাওয়া যাচ্ছে না। এসব বিষয়ে শুধু ফায়ার সার্ভিসেরই নয়, সবারই সচেতনতা থাকা প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য এখন সবার জন্য উন্মুক্ত।’
চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশে ১৯ হাজার ৮৪৬টি অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৫৩ কোটি ৬ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রাসঙ্গিক: