
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
অর্থ-বাণিজ্য
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৭:৩৭

রজমানে চাহিদা বেড়ে যায় সয়াবিন, ছোলা এবং খেজুরের। ছবি: সংগৃহীত
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মূল্যবৃদ্ধির চাপ কমাতে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ১১টি অতি প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানির বিপরীতে ব্যবসায়ীরা সর্বোচ্চ ৯০ দিন পর মূল্য পরিশোধের সুযোগ পাবেন।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে নির্দেশনা দিয়েছে। বিশেষ এই সুবিধা আগামী ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানিতে এই সুবিধা পাওয়া যাবে।
এই সুবিধায় আমদানিকারকরা সাপ্লায়ার্স ক্রেডিট (সরবরাহকারীর ঋণ) বা বায়ার্স ক্রেডিটের (ক্রেতার ঋণ) মাধ্যমে পণ্য দেশে আনার সুযোগ পাবেন। এর ফলে পণ্য আমদানির সময় তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা বা ডলার পরিশোধ করতে হবে না। পণ্য দেশে আসার পর তা বিক্রি করে ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধের সুযোগ পাবেন তারা। এতে আমদানিকারকদের চলতি মূলধনের ওপর চাপ কমবে এবং বাজারে দ্রুত পণ্য সরবরাহ করা সহজ হবে।
সাধারণত রমজানের আগে দেশে ভোজ্যতেল, চিনি, ছোলা, খেজুর, পেঁয়াজের মতো খাদ্যপণ্যের চাহিদা বহুগুণ বেড়ে যায়। এসময় আমদানি ব্যয় মেটাতে গিয়ে ব্যবসায়ীদের এলসি (ঋণপত্র) খোলা ও অর্থায়নের চাপে পড়তে হয়। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকলে বাজারে দাম বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আগেভাগেই আমদানির সুযোগ দেয়া হয়েছে। আমদানিকারকরা পণ্য আনার ৯০ দিন পর মূল্য পরিশোধ করতে পারবেন। এর মূল উদ্দেশ্য হলো বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং রমজানে মূল্যবৃদ্ধির চাপ কমানো।’
তিনি আরও বলেন, ‘মূল্যস্ফীতির কারণে মানুষের ওপর যে বাড়তি চাপ তৈরি হয়েছে, রমজানে তা আরও বাড়ুক বাংলাদেশ ব্যাংক সেটি চায় না। মানুষকে কিছুটা স্বস্তি দিতেই আগেভাগে এই সার্কুলার জারি করা হয়েছে, যাতে আমদানিকারকরা এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন।’
নতুন এই সিদ্ধান্তের ফলে আমদানি কার্যক্রমে অর্থায়নের চাপ যেমন কমবে, তেমনি বাজারে এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলে দামও স্থিতিশীল থাকবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। আগের সার্কুলারের অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশনা এই ক্ষেত্রেও বহাল থাকবে বলে জানানো হয়েছে।