
অস্ত্র সংকটে ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৮:৫

ছবি: সংগৃহীত
যুদ্ধ শেষ করতে ওয়াশিংটনের তেমন কোনো তাড়া নেই বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। গত সপ্তাহের শেষ দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। তাদের টাকা আমাদের কাছে আছে, শত শত বিলিয়ন ডলার, আর তাদের প্রণালীও আমাদের দখলে!’
এ সময় তিনি পারস্য উপসাগরকে উন্মুক্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করা হরমুজ প্রণালীর কথা উল্লেখ করেন। একই পোস্টে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ডেমোক্র্যাট-শাসিত শহরগুলোতে তার ভাষায় ‘দুর্নীতি ও অপরাধ’ মোকাবিলায় পুরোপুরি মনোযোগ দেয়ার নির্দেশ দেন। অথচ ইরানের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন ভ্যান্স। তার নেতৃত্বে আলোচনার ফলেই জুনে স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি হয়েছিল।
তবে সাম্প্রতিক সময়ে যুদ্ধ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন ট্রাম্প। গত সপ্তাহের শুরুতে তিনি বলেছিলেন, সামরিকভাবে যুদ্ধ ‘কার্যত শেষ হয়ে গেছে’। একই সঙ্গে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে আবারও হামলা শুরু করতে ‘বিনা দ্বিধায়’ থাকবেন বলেও জানান তিনি।
ট্রাম্পের এমন বক্তব্য এসেছে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে তার রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর। এ পরাজয়ের জন্য ভ্যান্স অত্যন্ত অজনপ্রিয় যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ এবং এর অর্থনৈতিক প্রভাবকে দায়ী করেছেন। বিশেষ করে জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
যুদ্ধ কোন দিকে এগোতে পারে এবং দীর্ঘদিন ধরে চলা সংঘাতের পরিণতি কী হতে পারে, তা নিয়ে বিশ্লেষকদের মতামত ও ইতিহাসের অভিজ্ঞতা তুলে ধরেছে আল জাজিরা।
পর্যবেক্ষকদের মতে, ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্য এবং যুদ্ধবিরোধী অবস্থানে থাকা ভ্যান্সের মন্তব্য মার্কিন প্রশাসনের ভেতরে মতপার্থক্যের ইঙ্গিত দিচ্ছে। প্রশাসনের অন্তত কিছু সদস্য সংঘাতের চূড়ান্ত সমাধানের বদলে বর্তমান অমীমাংসিত পরিস্থিতি বজায় রাখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে মনে করছেন তারা।
এমন পরিস্থিতিতে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ এবং তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে। অথচ এসব পদক্ষেপ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী আবার খুলে দেয়া বা শান্তি আলোচনা শুরুর বিষয়ে রাজি নয় ইরান। দেশটি ধারাবাহিকভাবে এ অবস্থান জানিয়ে আসছে।
গত ৯ নভেম্বর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কর্মকর্তাদের ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’-এমন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন।
পেজেশকিয়ান আরও বলেন, ইরান আলোচনায় প্রস্তুত, তবে কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না। দেশটির প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ আল জাজিরাকে বলেন, ‘সিদ্ধান্ত এখন আমেরিকার কোর্টে।’ অর্থাৎ আলোচনার শর্ত মেনে নেয়া অথবা যুদ্ধ চালিয়ে যাওয়া-এ দুটির মধ্যে একটি বেছে নিতে হবে ওয়াশিংটনকে।
ফ্রোজেন কনফ্লিক্টের কোনো নির্দিষ্ট আইনি সংজ্ঞা নেই। সাধারণত কোনো যুদ্ধে বড় আকারের লড়াই বন্ধ হয়ে গেলে বা উল্লেখযোগ্যভাবে কমে এলেও শান্তি চুক্তি কিংবা রাজনৈতিক সমাধান না হলে সেই পরিস্থিতিকে ফ্রোজেন কনফ্লিক্ট বলা হয়। অর্থাৎ যুদ্ধের পেছনে থাকা মূল বিরোধগুলো অমীমাংসিত থেকে যায়।
এ ধরনের পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ বা সামরিক শক্তির ভারসাম্য এক অলিখিত বাস্তবতায় পরিণত হয়। ইরানের ক্ষেত্রে যেমন যুক্তরাষ্ট্র দেশটির বন্দরগুলো অবরোধ করে রাখতে পারে। অন্যদিকে, ইরান হরমুজ প্রণালীতে অনুমোদনহীন জাহাজে হামলা চালাতে পারে কিংবা প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে।
এ ধরনের সংঘাতে দুই পক্ষের সেনারা সাধারণত যুদ্ধবিরতি রেখা বা বাফার জোনের দুই পাশে অবস্থান নেয়। আনুষ্ঠানিকভাবে শত্রুতা শেষ না করেও তারা যুদ্ধবিরতি বা একাধিক সমঝোতায় পৌঁছাতে পারে। যেমন, জুনে পাকিস্তানের ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে যুদ্ধবিরতি হয়েছিল। তবে কয়েক সপ্তাহের মধ্যেই তা ভেস্তে যায়।
১৯৯০ ও ২০০০-এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন সংঘাত বোঝাতে ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ শব্দবন্ধটি ব্যবহৃত হতে শুরু করে। এর মধ্যে রয়েছে মলদোভার ট্রান্সনিস্ত্রিয়া, জর্জিয়ার আবখাজিয়া ও দক্ষিণ ওসেতিয়া এবং নাগোর্নো-কারাবাখের সংঘাত।
তবে ফ্রোজেন কনফ্লিক্ট মানেই শান্তিপূর্ণ পরিস্থিতি নয়। এ সময় ছোটখাটো সংঘর্ষ, অবরোধ, অর্থনৈতিক চাপ এবং পর্যায়ক্রমে উত্তেজনা বাড়তে পারে। এর মূল বৈশিষ্ট্য হলো, কোনো পক্ষই চূড়ান্ত বিজয় অর্জন করতে পারে না। আবার স্থায়ী শান্তির জন্য প্রয়োজনীয় ছাড় দিতেও কেউ রাজি হয় না।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনার পর জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ফলে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং কিছু সময়ের জন্য মার্কিন অবরোধও তুলে নেয়া হয়েছিল।
তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধের কারণে কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর ১৪ জুলাই আবারও নৌ অবরোধ আরোপ করে ওয়াশিংটন।
দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের ক্রিটিক্যাল সিকিউরিটি স্টাডিজের সহকারী অধ্যাপক মুহানাদ সেলুম বলেন, ‘কূটনৈতিকভাবে আমরা ইতোমধ্যে সেই অবস্থানে আছি এবং জুলাই মাস থেকেই আছি, যখন জুনের সমঝোতা স্মারকটি ভেস্তে যায়।’
তবে তার মতে, মার্কিন অবরোধ, হরমুজ প্রণালীর আশপাশে দিনে একটির বেশি জাহাজ চলাচলে হামলা এবং দুই পক্ষের পাল্টাপাল্টি আক্রমণের মতো পরিস্থিতিকে ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ বলে বর্ণনা করলে বাস্তব পরিস্থিতির ভয়াবহতা আড়াল হতে পারে।
যুক্তরাষ্ট্র সীমিত আকারে হামলা চালিয়েছে। এর মধ্যে ইরানের কেশম দ্বীপে বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হামলাও রয়েছে। অন্যদিকে, ইরান হরমুজ প্রণালীতে নিজেদের ভাষায় অনুমোদনহীন পথ ব্যবহার করা ট্যাংকারে হামলা চালিয়েছে।
বাণিজ্য গোয়েন্দা সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর মাত্র পাঁচটি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। পরদিন কোনো জাহাজই প্রণালীটি পার হতে পারেনি। যদিও যুক্তরাষ্ট্র দাবি করেছিল, তারা জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে নিচ্ছে।
সেলুম বলেন, ‘যুদ্ধের ধরন বদলেছে। বিমান হামলা থেকে তা অবরোধে পরিণত হয়েছে। আর অবরোধের অবসান ঘটে তখনই, যখন অবরুদ্ধ পক্ষ হয় ভেঙে পড়ে, নয়তো বেরিয়ে আসে।’
ট্রাম্পের জন্য এ মুহূর্তে যুদ্ধের আরও অবনতি বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। অক্টোবরে শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের এক জরিপে দেখা গেছে, প্রায় ৭০ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ইরানের সঙ্গে এই যুদ্ধের কোনো যৌক্তিকতা নেই। বিভিন্ন জরিপেও ইরানে মার্কিন সেনা পাঠানোর বিষয়ে ব্যাপক বিরোধিতার চিত্র উঠে এসেছে।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছিলেন, যারা মনে করেন এই যুদ্ধের জন্য আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানো যৌক্তিক, তাদের সে যুক্তি প্রকাশ্যে তুলে ধরা উচিত।
সেলুম বলেন, ‘যুদ্ধের প্রতি সমর্থন ৩১ শতাংশে নেমে আসা এবং কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর স্থল অভিযান প্রায় অগ্রহণযোগ্য হয়ে পড়েছে।’
তবে বর্তমান শর্তে যুদ্ধ শেষ করাও যুক্তরাষ্ট্রের জন্য আকর্ষণীয় নয়। ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নেয়া হলে দেশটির তেল রফতানি বন্ধ করে অর্থনীতিকে আরও দুর্বল করার কৌশল ব্যর্থ হবে। একই সঙ্গে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে বিতর্কিত অবস্থায় রেখে যুদ্ধ শেষ করলে আট মাসের সংঘাতের পর ট্রাম্পের অর্জন দেখানোর মতো তেমন কিছু থাকবে না।
বরং যুদ্ধ শুরুর আগের পরিস্থিতির তুলনায় এটি আরও খারাপ হতে পারে। কারণ, তখন হরমুজ প্রণালী সব ধরনের জাহাজের জন্য অবাধে উন্মুক্ত ছিল। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বর্তমান সরকারকে ক্ষমতায় রেখেই যুদ্ধ শেষ করলে তা ‘পরাজয়’ হিসেবে বিবেচিত হবে বলে স্বীকার করেছেন ট্রাম্প।
ইউনিভার্সিটি অব এক্সেটারের স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটি ইনস্টিটিউটের গবেষক তালহা আব্দুলরাজাক বলেন, ‘বিস্ময়করভাবে, স্থলবাহিনী মোতায়েন ছাড়া এ যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই।’
তার মতে, ট্রাম্প স্থলবাহিনী পাঠাতে অনিচ্ছুক। অন্যদিকে, মার্কিন জনগণও আরেকটি ইরাক বা আফগানিস্তানের মতো পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ফলে কোনো পক্ষই আলোচনার অবস্থান থেকে সরে আসতে রাজি না হওয়ায় সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।
আব্দুলরাজাক বলেন, ট্রাম্প এমন একটি চুক্তি চান, যা ২০১৫ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ)-এর চেয়েও বিস্তৃত হবে। ওই চুক্তির আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সীমাবদ্ধতা আরোপ এবং নিয়মিত পরিদর্শনে অংশ নিতে সম্মত হয়েছিল।
কিন্তু ট্রাম্প তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। আব্দুলরাজাকের মতে, এখন ওই ধরনের কোনো চুক্তি মেনে নেয়ার রাজনৈতিক সুযোগ ট্রাম্পের নেই। অন্যদিকে, ইরানও যুক্তরাষ্ট্রের দেয়া শর্তে রাজি নয়।
এ কারণে ট্রাম্প উভয় সংকটে পড়েছেন। তাকে হয় যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জনের চেষ্টা করতে হবে, নয়তো কম শর্ত মেনে নিতে হবে। তা না হলে দুই পক্ষের পাল্টাপাল্টি প্রতিশোধের মধ্য দিয়ে সংঘাতটি দীর্ঘদিন অমীমাংসিত থেকে যেতে পারে।
আব্দুলরাজাকের ধারণা, যুক্তরাষ্ট্রের উদ্যোগে যুদ্ধের বড় ধরনের বিস্তার ঘটলে তা আগামী দুই মাসের মধ্যেই হতে পারে। কারণ, জানুয়ারি পর্যন্ত বিদায়ী মার্কিন কংগ্রেসে রিপাবলিকানদের সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তার মতে, কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে যাওয়ার আগে এটি ট্রাম্পের জন্য ‘সুযোগের একটি সংকীর্ণ সময়’।
বিশেষ করে ডিসেম্বর পর্যন্ত ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের তিনটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ থাকার সম্ভাবনা রয়েছে। আব্দুলরাজাক বলেন, এই সময়সীমা পেরিয়ে গেলে হোয়াইট হাউস ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’-এমন পরিস্থিতিই পছন্দ করতে পারে। কারণ, ওয়াশিংটন মনে করে, ইরানের তুলনায় যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে বেশি অর্থনৈতিক ক্ষতি সহ্য করতে সক্ষম।
তবে সেলুম সতর্ক করে বলেন, হরমুজ প্রণালীতে অবরোধ ততক্ষণই টিকে থাকবে, যতক্ষণ এর জন্য যুক্তরাষ্ট্রকে খুব বেশি মূল্য দিতে না হয়। তার মতে, কয়েকটি ঘটনা এই পরিস্থিতির অবসান ঘটাতে পারে। যেমন, কোনো মার্কিন নাগরিকের মৃত্যু, হরমুজে এমন কোনো আকস্মিক ঘটনা যা জ্বালানির দাম আবার বাড়িয়ে দেয়, কিংবা ইরানের কাছে থাকা ৪৪০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয়ার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া।
ইরানও কঠিন পরিস্থিতির মুখে রয়েছে। আনুষ্ঠানিক যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং শান্তি আলোচনা শুরুর জন্য সাতটি শর্ত দিয়েছে দেশটি। এসব শর্তের মধ্যে রয়েছে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল করা, জব্দ করা অর্থ ছাড় এবং লেবাননে ইসরাইলের হামলাসহ ইয়েমেন ও ইরাকে ইরানের মিত্রদের বিরুদ্ধে সব রণাঙ্গনে শত্রুতা বন্ধ করা।
গালিবফ জানিয়েছেন, এসব শর্ত পূরণ হলে হরমুজ প্রণালী আবার খুলে দেয়া হতে পারে। তবে যুদ্ধের আগের মতো টোলমুক্ত ও অবাধ চলাচলের অবস্থায় প্রণালীটি ‘কখনোই ফিরবে না’।
অন্যদিকে, মার্কিন নৌ অবরোধ, কয়েক দশকের নিষেধাজ্ঞা এবং যুদ্ধ শুরুর পর ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশ ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ তৈরি করায় দেশটির অর্থনীতি মারাত্মক সংকটে পড়েছে।
ইরানের সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, মার্চ থেকে জুনের মধ্যে দেশটির অর্থনীতি আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সেপ্টেম্বরে বার্ষিক মূল্যস্ফীতি ৮৩ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করেছে। এ সময়ে ইরানি মুদ্রা রিয়ালের বিনিময়মূল্যও বারবার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
আব্দুলরাজাক বলেন, ‘তেহরানের প্রধান অহিংস বিকল্প হলো কাতারের মতো আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনীতিতে যুক্ত হওয়া। কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের শর্তে কোনো চুক্তি করতে রাজি নয়। ফলে অর্থনৈতিক চাপ দেশটির শাসকগোষ্ঠীর জন্য ক্রমেই হতাশাজনক পরিস্থিতি তৈরি করবে। মার্কিন নিষেধাজ্ঞার চাপ মোকাবিলায় চীনের কাছে তেল বিক্রির ওপর নির্ভরতা বাড়ানোর চেষ্টা করছে ইরান। তবে নৌ অবরোধের কারণে সেই উদ্যোগও বাধাগ্রস্ত হচ্ছে।’
সেলুমের মতে, তেহরানের জন্য ভালো বিকল্প হতে পারে এমন একটি পদক্ষেপ নেয়া, যা সরাসরি স্বীকার না করেও নিরাপত্তা চ্যানেলের মাধ্যমে কার্যকর করা সম্ভব। কাতারের কৌশল অনুযায়ী, অবরোধ উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিদর্শকদের আবার বোমায় বিধ্বস্ত স্থাপনাগুলোতে পাঠানো যেতে পারে।
তবে এর বিকল্প হিসেবে তিনি ‘সাদাত অপশন’-এর কথা উল্লেখ করেন। অর্থাৎ, আলোচনায় বাধ্য করতে সীমিত আকারে যুদ্ধ শুরু করা। ১৯৭৩ সালে মিশরও নিজেদের ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ অচলাবস্থা ভাঙতে এমন কৌশল নিয়েছিল। গালিবফের ‘টেকসই প্রতিরোধ’ নিয়ে বক্তব্য থেকে বোঝা যায়, ইরানের কেউ কেউ এমন পদক্ষেপের কথা ভাবছেন।
আব্দুলরাজাক বলেন, ‘শত্রুরও মতামত দেয়ার অধিকার থাকে। ইরান মার্কিন নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা ভাঙতে এবং উপসাগরীয় আরব দেশগুলোর জ্বালানি উৎপাদনকেন্দ্রে হামলা চালিয়ে বৈশ্বিক অর্থনীতির ক্ষতি করার মাধ্যমে একতরফাভাবে পরিস্থিতি আরও উত্তপ্ত করার সিদ্ধান্ত নিতে পারে।’
তার মতে, এতে ট্রাম্প প্রশাসনের ওপর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বাড়বে এবং ওয়াশিংটনকে পিছু হটে ইরানের অনুকূলে কোনো চুক্তিতে পৌঁছাতে বাধ্য করার পরিস্থিতি তৈরি হতে পারে।
অতীতের অমীমাংসিত সংঘাতগুলো থেকে দেখা যায়, এ ধরনের অচলাবস্থা কয়েক দশক পর্যন্ত স্থায়ী হতে পারে। এর একটি উদাহরণ কোরীয় উপদ্বীপ। ১৯৫৩ সালের জুলাইয়ে যুদ্ধবিরতির মাধ্যমে কোরীয় যুদ্ধের অবসান হলেও দুই দেশের মধ্যে কোনো শান্তি চুক্তি হয়নি। ৭০ বছরেরও বেশি সময় পরও অত্যন্ত সুরক্ষিত অসামরিকীকৃত অঞ্চল দিয়ে বিভক্ত উত্তর ও দক্ষিণ কোরিয়া কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে।
পূর্ব ইউক্রেনের সংঘাতও একটি সাম্প্রতিক উদাহরণ। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করার পর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস এলাকায় ইউক্রেনীয় বাহিনী ও রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে লড়াই শুরু হয়। মিনস্ক চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি হলেও বিরোধের সমাধান হয়নি। প্রায় আট বছর ধরে গোলাবর্ষণ চললেও যুদ্ধক্ষেত্রের অবস্থান প্রায় অপরিবর্তিত ছিল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের মধ্য দিয়ে সেই অচলাবস্থার অবসান ঘটে।
নাগোর্নো-কারাবাখের সংঘাত দেখিয়েছে, সামরিক শক্তির ভারসাম্য বদলে গেলে কীভাবে দীর্ঘদিনের অচলাবস্থা আবারও যুদ্ধের রূপ নিতে পারে। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ১৯৯৪ সালের যুদ্ধবিরতি প্রায় ২৫ বছর স্থায়ী হয়েছিল। এরপর ২০২০ সালে আজারবাইজান আবারও যুদ্ধ শুরু করে এবং ২০২৩ সালে বিতর্কিত অঞ্চলটির পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়।
তবে বিশ্লেষকদের মতে, কোরিয়া কিংবা রাশিয়া-ইউক্রেনের মতো আঞ্চলিক অচলাবস্থার সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের সরাসরি মিল নেই। সেলুমের মতে, এ ক্ষেত্রে সবচেয়ে কাছাকাছি উদাহরণ হতে পারে ১৯৯১ থেকে ২০০৩ সালের ইরাক। সে সময় দেশটির সরকার যুদ্ধ, ১২ বছরের নিষেধাজ্ঞা এবং পর্যায়ক্রমিক হামলার মধ্যেও টিকে ছিল। এর মধ্যে চার বছর কোনো পরিদর্শকও ইরাকে প্রবেশ করতে পারেননি।
অন্যদিকে, আব্দুলরাজাক ইরানের ইতিহাসের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় দুই দেশই একে অপরের তেল রফতানি ব্যবস্থা অকার্যকর করে দেয়ার চেষ্টা করেছিল। এর ফলে শুরু হয় ‘ট্যাংকার যুদ্ধ’। ওই সংঘাতে জাহাজ ও জ্বালানি স্থাপনায় হামলার মাধ্যমে দুই পক্ষ একে অপরের অর্থনৈতিক ক্ষতি করার চেষ্টা করে।
অধিকাংশ অমীমাংসিত সংঘাতের কেন্দ্রে থাকে কোনো বিতর্কিত ভূখণ্ড বা নির্দিষ্ট সীমান্তরেখা। কিন্তু যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের বিস্তৃতি অনেক বেশি। এটি আন্তর্জাতিক নৌপথ, নিষেধাজ্ঞা ব্যবস্থা এবং বৈশ্বিক জ্বালানি বাজারের সঙ্গে সরাসরি যুক্ত।
সেলুম বলেন, হরমুজ প্রণালীর ক্ষেত্রে ইরাকের সঙ্গে তুলনা পুরোপুরি প্রযোজ্য নয়। সাবেক ইরাকি নেতা সাদ্দাম হোসেনের সময় অবরোধটি ইরাকের ভূখণ্ডে সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমান সংঘাতের কেন্দ্র এমন একটি আন্তর্জাতিক জলপথ, যেখান দিয়ে যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন করা হতো।
এ কারণে দীর্ঘস্থায়ী অচলাবস্থা বজায় রাখা আরও কঠিন। হরমুজ প্রণালীতে প্রতিটি ট্যাংকারে হামলা বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়ায়। ফলে এ অঞ্চলের পরিস্থিতি কোরীয় উপদ্বীপের শান্ত অসামরিকীকৃত অঞ্চলের চেয়ে ২০২২ সালের আগের ইউক্রেনের দোনবাস অঞ্চলের মতো হওয়ার আশঙ্কা বেশি।
আব্দুলরাজাক বলেন, গুরুত্বপূর্ণ এই জলপথকে কেন্দ্র করে তৈরি হওয়া অচলাবস্থা বিশ্ব অর্থনীতি অনির্দিষ্টকাল ধরে সহ্য করতে পারবে না। বিকল্প বাণিজ্যপথ তৈরি করতেও সময় ও অর্থের প্রয়োজন। তার মতে, দক্ষিণ কোরিয়া-উত্তর কোরিয়া কিংবা ইউক্রেন-রাশিয়ার তুলনায় বর্তমান সংঘাতে উভয় পক্ষই অর্থনৈতিকভাবে বেশি চাপের মুখে রয়েছে।
উপসাগরীয় দেশগুলো, পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠান এবং জ্বালানি আমদানিকারকরা সবাই এ পরিস্থিতির ঝুঁকিতে রয়েছে। এ কারণে কাতার ও পাকিস্তানের মতো মধ্যস্থতাকারী দেশগুলো অচলাবস্থা ভাঙতে আগ্রহী।
আপাতত ওয়াশিংটন ও তেহরান-দুই পক্ষই মনে করছে, সময় তাদের পক্ষে রয়েছে। তবে ইতিহাসের অভিজ্ঞতা বলছে, দীর্ঘস্থায়ী অমীমাংসিত সংঘাত অনেক সময় সেই নেতাদের মেয়াদের চেয়েও বেশি সময় ধরে চলতে থাকে, যাদের সিদ্ধান্তে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।