
যুক্তরাষ্ট্রে সব উড়োজাহাজের উড্ডয়ন সাময়িক বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৮:২৫

হরমুজ প্রণালির পূর্ব দিকে মাইনে আঘাতের পর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনী। সেই সঙ্গে প্রণালিটির দক্ষিণ দিকের অননুমোদিত ও বিপজ্জনক নৌপথ ব্যবহার না করতে আবারও সতর্ক করেছে তারা।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দফতরের এক বিবৃতিতে বলা হয়, বারবার সতর্ক করা সত্ত্বেও জাহাজটি ওই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একপর্যায়ে সেটি সমুদ্রের মাইনে আঘাত করলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।
বিবৃতিতে আরও বলা হয়, এর আগে একইভাবে বিস্ফোরণের শিকার হওয়া তেলবাহী ট্যাংকারগুলোর পরিণতি থেকেও জাহাজটি শিক্ষা নেয়নি। বরং মার্কিন যুদ্ধবিমানের সুরক্ষার ওপর নির্ভর করে প্রণালিটি পার হওয়ার চেষ্টা করেছিল।
আইআরজিসি নৌবাহিনী জানায়, পূর্ণ দৃঢ়তা ও কঠোরতার সঙ্গে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করা হচ্ছে। ইরানের বিধিনিষেধ লঙ্ঘন করে এবং সতর্কবার্তা উপেক্ষা করে কোনো জাহাজ অননুমোদিত ও বিপজ্জনক পথে প্রবেশ করলে একই পরিণতির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এর আগে আইআরজিসি জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দক্ষিণ ইরানের সিরিকে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনা ধ্বংস করে দিয়েছে তারা।
এছাড়া হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়তে থাকা যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার কথা ইরানের নৌবাহিনী। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়।
ইরানের নৌবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশের ভৌগোলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমান্ত ও স্বার্থ রক্ষা এবং প্রতিরক্ষায় তারা ‘এক মুহূর্তের জন্যও দ্বিধা করবে না’।
সাম্প্রতিক মাসগুলোতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান নিজেদের একতরফাভাবে নির্ধারিত নৌপথ ও বিধিনিষেধ মানার শর্ত জুড়ে দিয়েছে। এর জবাবে বাণিজ্যিক জাহাজগুলো ইরানের বিধিনিষেধ এড়িয়ে বিকল্প নৌপথ ব্যবহার করছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
সমুদ্রের মাইনে আঘাতের পর জাহাজে বিস্ফোরণের ঘটনা নিয়ে আইআরজিসির এমন দাবি এবারই প্রথম নয়। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার ও বৃহস্পতিবার চারটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের কথা জানিয়েছে ইরানের সামরিক কর্মকর্তারা।
আইআরজিসির দাবি, সতর্কবার্তা উপেক্ষা করে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করায় দুটি বিশাল তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত হানে। অন্যদিকে হরমুজ প্রণালির পূর্ব দিকে একই ধরনের দুটি ঘটনার কথা জানায় ইরানের নিয়মিত সেনাবাহিনী।
এর আগে গত রোববার (৮ নভেম্বর) হরমুজ প্রণালির ভেতরে ও পূর্ব দিকে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর জানায় আইআরজিসি। তাদের দাবি, জাহাজ দুটি নিজেদের অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে অননুমোদিত নৌপথে প্রবেশ করেছিল।
তথ্যসূত্র: আল জাজিরা
প্রাসঙ্গিক: