
নবীজির জীবনের শেষ আমল মিসওয়াক

মার্কিন তরুণী এরিকা স্ল্যাটারি
ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে আত্মিক শান্তি ও জীবনের প্রকৃত পথ খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন এক মার্কিন তরুণী। পবিত্র ইসলাম গ্রহণ করার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘জীবনজুড়ে আমি যা খুঁজছিলাম, তার সবই ইসলামে এসে খুঁজে পেয়েছি।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় ওই তরুণীকে হিজাব পরিহিত অবস্থায় তার ইসলাম গ্রহণের অভিযাত্রার কথা শেয়ার করতে দেখা যায়।
ভিডিওতে ওই মার্কিন তরুণী জানান, দীর্ঘ সময় ধরে তিনি জীবনের প্রকৃত অর্থ ও আত্মিক প্রশান্তির সন্ধান করছিলেন। নানা পথ পরিক্রমার পর ইসলাম এবং এর জীবনদর্শনের মুখোমুখি হন তিনি। ইসলামের বিধান, শৃঙ্খলিত জীবনযাপন এবং সৃষ্টিকর্তার একত্ববাদের যে শিক্ষা, তা তার মন ও আত্মাকে গভীরভাবে স্পর্শ করে।
তিনি আরও উল্লেখ করেন, ইসলাম গ্রহণ করার পর থেকে তার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেছে। পূর্বে যে শূন্যতা কাজ করত, তা এখন ঈমানের আলোয় পরিপূর্ণ। পবিত্র কুরআন ও মহানবী (সা.)-এর জীবনদর্শনের অনুসরণ তাকে এক অমলিন মানসিক প্রশান্তি ও সত্যের দিশা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পরপরই তা ব্যাপক সাড়া ফেলে এবং অসংখ্য নেটিজেন ওই তরুণীকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন।
জানা যায়, ইসলাম গ্রহণ করে জীবনের নতুন অধ্যায় শুরু করা সেই আমেরিকান তরুণীর নাম এরিকা স্ল্যাটারি। খ্রিস্টান পরিবারে বেড়ে ওঠা এরিকা দীর্ঘদিন ধরেই জীবনের প্রকৃত অর্থ ও আত্মিক প্রশান্তির সন্ধান করছিলেন।
একপর্যায়ে বিখ্যাত চলচ্চিত্র ‘দ্য মেসেজ’ (The Message) দেখার পর ইসলামের প্রতি তার গভীর কৌতূহল ও আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সহযোগিতায় তিনি পবিত্র কুরআন অধ্যয়ন শুরু করেন। কুরআনের অনুশাসন ও সৃষ্টি তত্ত্বের সুস্পষ্ট ব্যাখ্যা তার হৃদয় স্পর্শ করে, যা তাকে ইসলামের সুশীতল ছায়াতলে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করে।
ইসলাম গ্রহণের পর নিজের অনুভূতি ও বদলে যাওয়া জীবনের গল্প টিকটক ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকারে প্রকাশ করেন এরিকা। তার এই আবেগঘন বার্তা ও অভিজ্ঞতা বর্তমানে নেটদুনিয়ায় বেশ প্রশংসিত হচ্ছে।