
সিলেট টেস্ট৩৫৬ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১২:১০

স্ট্রেচারে করে মাঠ ছাড়েন সাদমান ইসলাম। ছবি: সংগৃহীত
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বড় দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ। বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে গুরুতর চোট পেয়ে মাঠ ছেড়েছেন ওপেনার সাদমান ইসলাম। স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পর তাকে নেয়া হয়েছে হাসপাতালে।
ঘটনাটি ঘটে দিনের শুরুর এক ঘণ্টা না পেরোতেই। মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলটি লেগ সাইডে ফ্লিক করেন আমির জাঙ্গু। সীমানার দিকে ছুটে যাওয়া বল আটকাতে পিছু নেন সাদমান। নিচু হয়ে বলটি থামাতে গিয়ে তার বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে যায়। মুহূর্তেই তীব্র ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন এই বাঁহাতি ব্যাটার।
ফিজিও দ্রুত মাঠে নেমে প্রাথমিক চিকিৎসা দিলেও পরিস্থিতির উন্নতি হয়নি। হাত দিয়ে মুখ ঢেকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাকে। ড্রেসিংরুমে কিছুক্ষণ পর্যবেক্ষণের পর শেষ পর্যন্ত নেয়া হয় হাসপাতালে। পায়ের ব্যথা ও তীব্র ফোলার কারণে হাঁটতে পারছিলেন না তিনি, বসতে হয়েছে হুইলচেয়ারে। এমআরআই করানোর পরই বোঝা যাবে চোট কতটা গুরুতর।
বিসিবি এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে ধারণা করা হচ্ছে, চলতি টেস্টে আর ব্যাটিংয়ে নামা হচ্ছে না সাদমানের। চোট গুরুতর হলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন তিনি।