
তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে চায় সরকার: টুকু

পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। ছবি: সময় সংবাদ
বাংলাদেশ রেলওয়ের বহরে পর্যায়ক্রমে প্রায় ২০০টি নতুন কোচ যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। তিনি জানান, এসব কোচ দিয়ে নতুন ট্রেন চালুর পাশাপাশি পুরনো কোচগুলো প্রতিস্থাপন করা হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে রেলের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প এবং যাত্রীসেবা সম্প্রসারণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রেলওয়ের মহাপরিচালক বলেন, দেশে আনা নতুন কোচগুলোর একটি অংশ এরইমধ্যে বহরে যুক্ত হয়েছে। প্রাথমিক ধাপে এই নতুন কোচ দিয়ে একটি নতুন ট্রেন চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে আরও মোট ২০০টি নতুন কোচ দেশে আসবে। কোচগুলো আসার সঙ্গে সঙ্গে চাহিদা অনুযায়ী নতুন ট্রেন চালু এবং পুরনো কোচগুলো প্রতিস্থাপনের কাজ বাস্তবায়ন করা হবে।
পঞ্চগড় থেকে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চালুর সম্ভাবনা নিয়ে আফজাল হোসেন বলেন, ‘এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। কারণ দেশের সব রেললাইন এখনও ব্রডগেজে রূপান্তর করা সম্ভব হয়নি। সব লাইন ব্রডগেজে রূপান্তর হওয়ার পরই কেবল এই রুটের বিষয়ে সিদ্ধান্ত নেয়া যাবে। তাছাড়া এ ধরনের দীর্ঘ রুটে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে কি না, তা-ও খতিয়ে দেখা প্রয়োজন।’
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা পর্যন্ত রেল সংযোগের বিষয়ে মহাপরিচালক বলেন, ‘বাংলাবান্ধার ওপারে ভারতের অংশে যদি রেললাইনের সংযোগ না থাকে, তবে শুধু আমাদের অংশে কাজ করে আঞ্চলিক যোগাযোগের সুফল মিলবে না। স্থলবন্দর থাকার কারণে আমাদের অভ্যন্তরীণ চাহিদা হয়তো পূরণ হবে, কিন্তু মূল উদ্দেশ্য অর্থাৎ আঞ্চলিক যোগাযোগ নিশ্চিত হবে না। এ বিষয়ে দুই দেশ একমত হলেই কেবল কাজ এগিয়ে নেয়া সম্ভব।’ বর্তমানে বিষয়টি বিবেচনাধীন ও স্থগিত রাখা হয়েছে বলেও জানান তিনি।
রেলওয়ের বর্তমান অবকাঠামো ও সুযোগ-সুবিধা তদারকির বিষয়ে তিনি আরও জানান, বিভিন্ন স্টেশনের মালামাল ওঠানামার (লোডিং ও আনলোডিং) সুবিধা এবং যাত্রীদের চাহিদা সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে। যেসব স্থানে চাহিদা বেশি, সেখানে প্রয়োজনে রেললাইন সম্প্রসারণ, লুপ লাইন বাড়ানো কিংবা বেশি সংখ্যক কোচ যুক্ত করার উদ্যোগ নেয়া হবে।
পরিদর্শনের সময় পঞ্চগড় রেলওয়ে স্টেশনের মাস্টার জাহিদ হাসান, স্টেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।