
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা
বাংলাদেশ
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৩:৩

ধলাই সেতু ঘিরে বালু উত্তোলন
সিলেটের কোম্পানীগঞ্জে বালু উত্তোলনের কারণে ঝুঁকিতে পড়েছে ধলাই সেতু। সিলেট বিভাগের দ্বিতীয় দীর্ঘতম সেতুর উপর দিয়ে প্রতিদিন চলাচল করেন ৫০ হাজারের বেশি মানুষ। অভিযোগ রয়েছে, সেই সেতুর পিলারের গোড়া ঘেঁষেই চলছে বালু উত্তোলন। তৈরি হয়েছে গভীর গর্ত, বাড়ছে সেতু ধসের আশঙ্কা। এছাড়াও সেতুর আশপাশে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়ছে এর ভিত্তি ও স্থায়িত্ব। প্রশাসনের নজরদারিতে বার বার অভিযান চালিয়েও থামানো যাচ্ছে না বালু উত্তোলন। জড়িতদের ধরিয়ে দিতে কঠোরবার্তা দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রমমন্ত্রী ।
আলোচিত সাদাপাথর চুরির পর এবার একই এলাকার একটি সেতু ধ্বংসে উঠেপড়ে লেগেছে বালুখেকোরা। দিনের আলো হোক কিংবা রাতের আঁধার ধলাই নদীর বুকে চলছে বালু উত্তোলন। তবে এটি শুধু নদী থেকে বালু তোলার ঘটনা নয়; অভিযোগ, বালুখেকোদের এই তাণ্ডবে হুমকির মুখে পড়েছে সিলেট বিভাগের দ্বিতীয় দীর্ঘতম সেতু হিসেবে পরিচিত কোম্পানীগঞ্জের ধলাই সেতু।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর ওপর নির্মিত সেতুটি দুই তীরের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। ২০০৩ সালে নির্মিত ৪৩৪ দশমিক ৩৫ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৫ মিটার প্রস্থের সেতুটি একসময় ছিল সিলেট বিভাগের দীর্ঘতম। বর্তমানে দৈর্ঘ্যের দিক থেকে বিভাগে এর অবস্থান দ্বিতীয়।
সেতুর আশপাশে ও পিলারের গোড়া ঘেঁষে বালু উত্তোলন নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। সেতুর নিচে তাকালেই চোখে পড়ে গভীর গর্ত। পিলারের গোড়া ঘেঁষে বালু তুলে নেওয়ায় তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। স্থানীয়দের আশঙ্কা, এভাবে চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। চোখের সামনে এই ধ্বংসযজ্ঞ দেখলেও ভয়ে মুখ খোলেন না এলাকাবাসী।
কোম্পানীগঞ্জের অন্যতম ভরসা এই ধলাই সেতুটি ক্ষতিগ্রস্ত হলে ব্যাহত হবে এলাকার মানুষের স্বাভাবিক যাতায়াত,বাড়বে দুর্ভোগ, তৈরি হবে অর্থনৈতিক ক্ষতির শঙ্কাও।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, মাঝেমধ্যে অভিযান চালানো হলেও বন্ধ হচ্ছে না বালু উত্তোলন। অভিযান শেষে আবারও শুরু হয় আগের কার্যক্রম। প্রশাসনের সাথে রীতিমতো লুকোচুরি খেলে এই বালুখেকোরা,তবে সেতুটি বাঁচাতে অভিযান অব্যাহত ও সর্বোচ্চ চেষ্টা চলছে।
বালু উত্তোলন নিয়ন্ত্রণ, সেতুর নিরাপত্তা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা দিলেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য, শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, দোষী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাদের ধরা হলে কোনো নেতা বা এলাকাবাসীর সুপারিশ কাজে আসবে না। প্রয়োজনে এলাকাবাসী তাদের ধরিয়ে দিতে নির্দেশ দেন মন্ত্রী।
বিগত চারদলীয় জোট সরকারের আমলে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ও উত্তর রণিখাই ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ধলাই সেতুটি উদ্ভোধন করেন তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান।