
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা
বাংলাদেশ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৭:৪৬

দুই প্রান্তে সংযোগ সড়ক না থাকায় সেতুটি এখনো চালু করা যায়নি। ছবি: সময় সংবাদ
দীর্ঘ ৯ বছরে সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। কিন্তু দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সেতুটি দিয়ে চলাচল করতে পারছেন না দুই পাড়ের মানুষ। ফলে দিনাজপুর সদর ও বিরল উপজেলার কয়েকটি গ্রামের মানুষের নদী পারাপারের একমাত্র ভরসা এখনো নৌকা।
দিনাজপুর সদর উপজেলার ঘুঘুডাঙ্গা ও বিরল উপজেলার বসন্তপুর এলাকার মাঝ দিয়ে বয়ে গেছে পূর্ণভবা নদী। এ নদীর ওপর নির্মিত ২৫০ মিটার দীর্ঘ ঘুঘুডাঙ্গা সেতুর কাজ শেষ হয়েছে ২০২৬ সালের আগস্টে। তবে দুই প্রান্তে সংযোগ সড়ক না থাকায় সেতুটি এখনো চালু করা যায়নি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ২০১৯ সালের জানুয়ারিতে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। এতে ব্যয় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৮৩ হাজার ২৬৭ টাকা।
সেতুটি দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা মান্ত্রীপাড়া থেকে বিরল উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বুজুরুক বসন্তপুর এলাকার সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য নির্মাণ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সংযোগ সড়ক না থাকায় সেতুটি কোনো কাজে আসছে না। নদী পার হতে গিয়ে ইতোমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। বর্ষায় ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হয়। এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, রোগী ও কৃষকদের। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শেখ ছগীর আহমেদ কমল বলেন, সেতু চালু না হওয়ায় প্রতিষ্ঠানটির প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হয়ে আসতে হয়।
এ বিষয়ে দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আলী হোসেন বলেন, সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন হলেই কাজ শুরু হবে। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রাসঙ্গিক: