
আদর্শ স্বামীর চরিত্র ‘আবু বকর’কে নিয়ে এত হইচই কেন?
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭:৫০

চলচ্চিত্র নির্মাতা তানবীর হাসান। ফাইল ছবি
চলচ্চিত্র নির্মাণ স্রেফ কোনো পেশা নয়, এটি এক ধরণের পাগলামি, এক ধরণের ঘোর। এই ঘোরের টানে মানুষ নিজের সবকিছু বাজি রাখতে পারে, তারই এক জীবন্ত উদাহরণ চলচ্চিত্র নির্মাতা তানবীর হাসান। এবার নতুন সিনেমা ‘যাযাবর’ নিয়ে হাজির হচ্ছেন এই নির্মাতা। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে তার।
২০২৫ সালের শুরুতে 'মধ্যবিত্ত' চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসেবে তার আনুষ্ঠানিক অভিষেক ঘটে। রুপালি পর্দার পেছনের এই কারিগরের পরিচালক হয়ে ওঠার গল্প এবং তার বর্তমান ব্যস্ততা কোনো সিনেমার চেয়ে কম নাটকীয় কিংবা সংগ্রামের নয়।
‘মধ্যবিত্ত’ দিয়ে তানবীর হাসানের রাজকীয় অভিষেক হলেও এর নেপথ্যে ছিল এক বড় ধাক্কা। মধ্যবিত্তের গল্প পর্দায় ফুটিয়ে তুলতে গিয়ে নির্মাতা তানবীর হাসান নিজেই যেন হয়ে উঠেছিলেন সেই গল্পের এক লড়াকু চরিত্র। একটি মানসম্মত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে নানামুখী আর্থিক সংকটে পড়েন তিনি। কিন্তু নিজের প্রথম কাজ নিয়ে কোনো আপস করতে রাজি ছিলেন না। স্বপ্নকে বাঁচিয়ে রাখতে শেষ পর্যন্ত নিজের জমি এবং স্ত্রীর গহনা (স্বর্ণ) পর্যন্ত বিক্রি করতে হয়েছিল তাকে।
তানবীর হাসান কেবল ক্যামেরার পেছনে অ্যাকশন-কাট বলা পরিচালকই নন, তিনি একজন পুরোদস্তুর অলরাউন্ডার। 'মধ্যবিত্ত' চলচ্চিত্রে তিনি একাধারে সামলেছেন পরিচালনা, গল্প, সংলাপ এবং চিত্রনাট্যের কাজ। এমনকি সিনেমার একটি গানের সুর ও গীতিকারও তিনি নিজেই। সেন্সর বোর্ডের নানা জটিলতা ও সংশোধনের নোটিশ পেরিয়ে ২০২৫ সালের ৩ জানুয়ারি সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং ওই বছরের ঢালিউডের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হিসেবে দর্শকমহলে বেশ প্রশংসা কুড়ায়। প্রয়াত গুণী অভিনেতা মাসুম আজিজের অনবদ্য অভিনয় সিনেমাটিকে আরও সমৃদ্ধ করেছিল।
প্রথম সিনেমার সফলতার পর তানবীর হাসান এবার হাত দিয়েছেন নতুন সিনেমা ‘যাযাবর’-এ। সিনে মিডিয়ার ব্যানারে নির্মিতব্য সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা। দুর্গম গহীন জঙ্গলে সিনেমাটির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। ছবিতে অভিনয় করছেন একঝাঁক তারকা- সজল নূর, ভাবনা, ইভান সাইর, ক্যামেলিয়া রাঙা, সাদমান সামীর, শেখ চাঁদনী, সৌরভ ফারসি, পাপ্পু, রানা, ওমর মালিক এবং শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ওমর সানী, শিবা শানু, কমল, শরীফ চৌধুরী সহ আরও অনেকে।
জানা গেছে, সিনেমাটির বেশ কয়েকটি মারমার-কাটকাট ফাইট এবং গানের দৃশ্যসহ ইতিমধ্যেই ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির লক্ষ্যে বাকি ৩০ শতাংশ শুটিং ঢাকা শহর ও তার আশেপাশের বিভিন্ন লোকেশনে খুব শিগগিরই শেষ করবেন বলে জানান পরিচালক তানবীর হাসান।