
আদর্শ স্বামীর চরিত্র ‘আবু বকর’কে নিয়ে এত হইচই কেন?
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৩:১৫

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর আবু বকর চরিত্র নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন জয়। ছবি: সংগৃহীত
পর্দায় আদর্শ স্বামী হিসেবে দর্শকের মন জয় করেছে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর আবু বকর চরিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রটিকে ঘিরে যখন প্রশংসা আর উচ্ছ্বাস, তখনই ভিন্ন এক মন্তব্য করে আলোচনায় এলেন বাংলাদেশের উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তার মতে, আবু বকরকে ঢাকার রাস্তায় ছেড়ে দিলেই বোঝা যেত, তিনি বাস্তবে কতটা ধৈর্যশীল!
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে জয় লিখেছেন, ‘পাকিস্তানের নাটকের জনপ্রিয় চরিত্র আবু বকরকে ঢাকার রাস্তায় ছেড়ে দিলে সে কতটা ধৈর্যশীল এবং ভালো তার পরীক্ষা হয়ে যেত। ক্যামেরার সামনে তো ভালোর অভিনয় করাই যায়। কিন্তু বাস্তবতা ভিন্ন।’
জয়ের এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেকের ধারণা, ঢাকার চিরচেনা যানজট ও ব্যস্ত সড়কের পরিস্থিতির সঙ্গে আবু বকরের ধৈর্যের বিষয়টি মিলিয়েই এমন মন্তব্য করেছেন তিনি। পর্দায় আদর্শ মানুষের পরিচয় দেওয়া আর বাস্তব জীবনের প্রতিকূল পরিস্থিতিতে সেই আদর্শ ধরে রাখা যে এক বিষয় নয়, সে দিকেই ইঙ্গিত করেছেন জয়।
পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এ আবু বকর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার সিদ্দিকী। চরিত্রটির ব্যক্তিত্ব, আচরণ, ধৈর্য এবং স্ত্রীকে ঘিরে দায়িত্বশীল মনোভাব দর্শকদের মুগ্ধ করেছে।
একজন আদর্শ স্বামীর মধ্যে অনেক নারী যে গুণগুলো দেখতে চান, আবু বকরের চরিত্রে তার প্রতিফলন খুঁজে পাচ্ছেন অনেকে। এ কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তাকে ‘জাতীয় ক্রাশ’ বলেও আখ্যা দিচ্ছেন।
ধারাবাহিকটির গল্পের নানা বাঁক, চরিত্রগুলোর আচরণ এবং অভিনয়শিল্পীদের পোশাক ও সাজসজ্জা নিয়েও দর্শকদের মধ্যে চলছে আলোচনা। সম্প্রতি ‘জারিয়াবের নিকাহ’র সাজকে কেন্দ্র করেও সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
আবু বকরকে নিয়ে দর্শকদের উচ্ছ্বাসের মধ্যেই শাহরিয়ার নাজিম জয়ের মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে আলোচনায়। পর্দায় ধৈর্যশীল ও আদর্শ স্বামীর চরিত্রে দর্শকের মন জয় করা সহজ হলেও বাস্তব জীবনের চাপ, বিশেষ করে ঢাকার যানজটের মতো পরিস্থিতিতে সেই ধৈর্য ধরে রাখা কতটা কঠিন—তার বক্তব্যে উঠে এসেছে সেই প্রশ্ন।
অভিনয় ও উপস্থাপনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে মন্তব্য করে প্রায়ই আলোচনায় আসেন শাহরিয়ার নাজিম জয়। এবার পাকিস্তানি ধারাবাহিকের জনপ্রিয় চরিত্রকে ঘিরে তার এই মন্তব্যও দর্শক-নেটিজেনদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে।