
আদর্শ স্বামীর চরিত্র ‘আবু বকর’কে নিয়ে এত হইচই কেন?
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১২:৫৬

শাহরুখের জন্মদিন উপলক্ষে প্রকাশ পেয়েছে কিং’র প্রথম গান ‘তু মিল জায়ে’। ছবি: সংগৃহীত
বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ ঘিরে ভক্তদের আগ্রহ যেন আরও বেড়ে গেল। জন্মদিন উপলক্ষে প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম গান ‘তু মিল জায়ে’।
এতে শাহরুখ খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। তবে গানের সবচেয়ে বড় আকর্ষণ, এতে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান, অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী।
সোমবার (২ নভেম্বর) রাত ১২টায় সামাজিক মাধ্যমে গানটি প্রকাশ করেন শাহরুখ খান। রোমান্টিক মুহূর্তের পাশাপাশি গানটিতে রয়েছে অ্যাকশন, হাতাহাতি ও গোলাগুলির দৃশ্য।
পর্দায় প্রেমের আবহের মধ্যেই ভয়ংকর রূপে ধরা দিয়েছেন কিং খান। গানের শেষ দিকে তার সংলাপ, ‘আর এবার হৃদয়ে আগুন লেগেছে, তাই পৃথিবী না পুড়িয়ে সে থামবে না’—দর্শকদের মধ্যে তৈরি করেছে বাড়তি কৌতূহল।
গানটি প্রকাশ করে শাহরুখ লিখেছেন, ‘ভালোবাসার এই সময় শুধু ভাগ্যবানদের জন্য। যেখানে বারুদের গন্ধের মাঝেও গোলাপ ফোটে। ভালোবাসা আর অন্য সব লড়াই নিয়ে... এ ডিসেম্বরে।’
শাহরুখের এই বার্তায় স্পষ্ট, ‘কিং’ সিনেমায় ভালোবাসার পাশাপাশি সংঘাত ও অ্যাকশনও গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। আর শাহরুখ-দীপিকার রসায়ন নতুন করে আলোচনায় এনেছে ছবিটিকে।
তবে গানটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া একরকম নয়। অনেকেই দুই তারকার পর্দার রসায়নের প্রশংসা করেছেন। আবার কারও কারও মতে, গানটির দৃশ্যায়নে শাহরুখের আগের সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর প্রভাব চোখে পড়েছে।
গানটির সংগীত আয়োজনের অন্যতম আলোচিত দিক তিন শিল্পীর একসঙ্গে কণ্ঠ দেয়া। আন্তর্জাতিক সংগীতাঙ্গনের পরিচিত নাম এড শিরানের সঙ্গে রয়েছেন ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। এই সমন্বয় নিয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা।
এক ভক্ত লিখেছেন, ‘এক ফ্রেমে এড শিরান, শাহরুখ, দীপিকা ও অরিজিৎ সিং—এটি শুধু একটি যৌথ আয়োজন নয়, বড় হিট গানের রেসিপি।’ আরেকজনের মন্তব্য, ‘কিং সব সময়ই কিং।’ এড শিরান ও অরিজিৎ সিংয়ের একই গানে যুক্ত হওয়াও সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে ষষ্ঠবারের মতো একসঙ্গে দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন ও সুহানা খান। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রানি মুখার্জি, রাঘব জুয়াল, আরশাদ ওয়ারসি এবং জয়দীপ আহলাওয়াত।
আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। প্রথম গান প্রকাশের পর এখন দর্শকদের অপেক্ষা ছবির পরবর্তী ঝলক ও মুক্তির।