
মুখোমুখি শহিদের সাবেক প্রেমিকা কারিনা ও স্ত্রী মীরা, কী হলো অনুষ্ঠানে?

শুটিংয়ের ফাঁকে নির্মাতার সঙ্গে ক্যামেরায় নিজের কাজ দেখছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ফাইল ছবি
মরণব্যাধি ব্রেন টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াই। অস্ত্রোপচার, কেমোথেরাপি আর দীর্ঘ বিশ্রাম—সব বাধা পেরিয়ে অবশেষে অভিনয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। প্রায় নয় মাস পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।
ইকসান রনি পরিচালিত ‘অংশীদার’ নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন তানিয়া বৃষ্টি। এরই মধ্যে নাটকটির শুটিংও শেষ করেছেন তিনি।
‘অংশীদার’-এর গল্পে উঠে এসেছে সমাজের এক নির্মম বাস্তবতা। কেবল কন্যাসন্তান থাকা পরিবারগুলোকে নানা সামাজিক ও পারিবারিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা কিংবা বসতভিটা থেকে উচ্ছেদের মতো ঘটনা নিয়েই নাটকটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের কয়েকটি মুহূর্তের ছবি প্রকাশ করেছেন নির্মাতা ইকসান রনি। লিখেছেন,
ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এই নাটকের মাধ্যমে নারীর অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প তুলে ধরতে চেয়েছি। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।’
নাটকটির প্রযোজক কাজী সাইফুল ইসলাম রাজীব বলেন, “আমরা সবসময় বিনোদনের পাশাপাশি সমাজসচেতনতামূলক গল্প দর্শকদের সামনে তুলে ধরতে চাই। ‘অংশীদার’ তেমনই একটি উদ্যোগ। আমাদের প্রত্যাশা, নাটকটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে এবং নারীর উত্তরাধিকার ও ন্যায্য অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।”
এদিকে দীর্ঘ বিরতি শেষে অভিনয়ে ফিরতে পেরে উচ্ছ্বসিত তানিয়া বৃষ্টিও। নিজের অনুভূতি সম্পর্কে জানান, অভিনয়ে থেকে দীর্ঘদিন দূরে থাকায় কষ্ট পেয়েছেন। তবে আবারও নিজের প্রাণের জায়গায় ফেরায় উচ্ছ্বসিত তিনি। তানিয়া বৃষ্টি বলেন,
ইকসান রনি ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। তিনি খুব ঠান্ডা মাথায়, প্রতিটি দৃশ্যের বিস্তারিত বুঝিয়ে কাজ করিয়ে নেন। তার কাজের মধ্যে অনেক যত্ন ও পরিকল্পনা থাকে। এর আগে তার পরিচালনায় ‘বাবাও মানুষ’ নাটকে অভিনয় করেছিলাম, যেটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।
অভিনেত্রী আরও বলেন,
বাবাহারা মেয়েদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার সামাজিক প্রবণতা নাটকটিতে গুরুত্ব পেয়েছে। নানা প্রতিকূলতায় বাবা হারা দুই বোনের নারীর উত্তরাধিকার, আত্মমর্যাদা এবং আপনজনদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বিষয়গুলোকে এ গল্পের মূল উপজীব্য করা হয়েছে। তাই‘অংশীদার’ নিয়ে আমি আশাবাদী।
তানিয়া বৃষ্টি ছাড়া এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ, পংকজ মজুমদার, দেলোয়ার উদ্দিন, সিদ্দিক মাস্টার, কাকন চৌধুরী, তাসমিয়াহ টিনাসহ আরও অনেকে।
খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে ‘অংশীদার’। টেলিভিশনে প্রচারের পর নাটকটি দেখা যাবে ‘কেএসআই এন্টারটেইনমেন্ট’ (KSI Entertainment)-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। পরে ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়েও যেতে হয় তাকে। সেখানে তার আরও একটি অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ চিকিৎসা, বিশ্রাম ও কেমোথেরাপির কঠিন সময় পর কাজের ছন্দে ফিরে তাই আবেগে আপ্লুত অভিনেত্রী। দীর্ঘ বিরতির পর প্রিয় তারকার প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত তার ভক্তরাও।