
এশিয়া সফরের মাধ্যমে যেভাবে কর্তৃত্ব পুনরুদ্ধারের আশা করছেন ট্রাম্প
এক্সপ্লেইনার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৮:২৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এপি
সত্তরোর্ধ্ব তিন পরাশক্তির নেতা, বিশ্বের ৯০ শতাংশ পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ, চলমান দুটি যুদ্ধ এবং রুদ্ধদ্বার কক্ষে বৈঠক—অথচ কোনো সুনির্দিষ্ট আলোচ্যসূচি নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরিকল্পিত ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে এমনই উদ্বেগ তৈরি হয়েছে ইউরোপে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা মিত্রদের স্বার্থ উপেক্ষা করে কোনো সমঝোতায় পৌঁছান তিন নেতা—এমন আশঙ্কা করছেন ইউরোপীয় কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে ঐতিহাসিক এ বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হবে, তা এখনো স্পষ্ট নয়। সাধারণত এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠকের আগে আলোচ্যসূচি ও সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে দীর্ঘ প্রস্তুতি চলে। কিন্তু আলোচিত এই বৈঠক নিয়ে তেমন কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
ট্রাম্পের মতো একজন অনিশ্চিত ও অপ্রত্যাশিত চরিত্রের উপস্থিতি শেনঝেন বৈঠকের আগের সব প্রস্তুতিকে গুরুত্বহীন করে তুলেছে। বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হিসেবে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের বিষয়টি সামনে এসেছে। তবে এ ক্ষেত্রে বড় কোনো অগ্রগতির প্রত্যাশা কম। চীন জানিয়েছে, বিশ্বশান্তি রক্ষার বিষয়টি আলোচনায় থাকবে। যদিও বাস্তবে এর সম্ভাবনা কম। এর মধ্যেই ট্রাম্প হঠাৎ ইরান, ইউক্রেন ও এনভিডিয়ার প্রসঙ্গ এনেছেন। এমনকি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও বৈঠকের ইঙ্গিত দিয়েছেন তিনি।
নির্ধারিত আলোচ্যসূচির বাইরে গিয়ে বিশ্বনেতাদের কথা বলা অস্বাভাবিক কিছু নয়। তবে এবারের বৈঠকে এমন আচরণ বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে।
গত সোমবার চলমান ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। ইউক্রেনকে নিজের ‘প্রিয় বিষয়’ উল্লেখ করে তিনি বলেন, ‘ইউক্রেন হেরে যাচ্ছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে প্রতি মাসে ২৫ হাজার সেনা হারাচ্ছে।’ যদিও ট্রাম্পের এ মন্তব্যে রাশিয়ার ভয়াবহ সামরিক ক্ষয়ক্ষতির বিষয়টি প্রায় আড়ালেই থেকে যায়।
ট্রাম্পের দৃষ্টিতে ইউক্রেন এমন একটি দেশ, যারা রাশিয়ার আগ্রাসন ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্রের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের প্রস্তাবিত দ্রুত ও আপসনির্ভর শান্তিচুক্তি মেনে না নেয়ায় কিয়েভের ওপর অসন্তুষ্টি রয়েছে হোয়াইট হাউসের।
শেনজেন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগের কারণ শুধু ইউক্রেন বা তার মিত্রদের ওপর চাপ সৃষ্টি নয়। কারণ এখান থেকে কোনো ঘোষণা এলে কিয়েভ বা তার ইউরোপীয় মিত্ররা তাৎক্ষণিকভাবে নতি স্বীকার করবে বিষয়টি এমন নয়; কারণ ওয়াশিংটনের খামখেয়ালি আচরণের সঙ্গে তারা ইতিমধ্যে অভ্যস্ত হয়ে উঠেছে। বরং ক্ষমতাধর কর্তৃত্ববাদী নেতাদের কাছে ট্রাম্পের গ্রহণযোগ্যতা পাওয়ার আকাঙ্ক্ষা, রুদ্ধদ্বার বৈঠকে কী সমঝোতা হয় এবং সেসব সিদ্ধান্ত পুতিনের আত্মবিশ্বাস ও শির কাছে ট্রাম্পের মানসিক সক্ষমতা সম্পর্কে কী বার্তা দেবে—এসব বিষয়ই বেশি ভাবাচ্ছে ইউরোপকে।
এই বৈঠকের মধ্য দিয়ে পুতিন বিনা মূল্যেই আন্তর্জাতিক মঞ্চে নিজেকে আবারও বড় শক্তির নেতা হিসেবে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। একদিনের জন্য হলেও রাশিয়াকে সেই সাবেক পরাশক্তির মর্যাদায় উপস্থাপনের সুযোগ তৈরি হচ্ছে, যে অবস্থান পুনরুদ্ধারে দেশটি বর্তমানে মরিয়া।
ইউরোপীয় কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে উদ্বেগ স্পষ্ট। সংবাদমাধ্যম সিএনএনকে নাম প্রকাশ না করার শর্তে এক ইউরোপীয় কর্মকর্তা বলেন, ‘ট্রাম্প শেষবার যার সঙ্গে কথা বলেন, তার কথাতেই বেশি প্রভাবিত হন। ফলে বৈঠকে তিনি কী বলবেন, সেটিও এ বিষয়টির ওপর নির্ভর করতে পারে।’
এক ইউরোপীয় কূটনীতিকের ভাষায়, ‘এই বৈঠক থেকে ইউরোপের নিরাপত্তার জন্য ভালো কিছু আসবে বলে মনে হয় না।’ আরেক জ্যেষ্ঠ ইউরোপীয় কর্মকর্তা বলেন, এই ত্রিপক্ষীয় বৈঠকের দৃশ্যটি ইউরোপের জন্য ‘নিশ্চিতভাবেই বিব্রতকর’। তবে এ বৈঠকে বড় কোনো চুক্তি হওয়ার আশঙ্কা নিয়ে তিনি তুলনামূলক কম উদ্বিগ্ন।
প্রথম ইউরোপীয় কর্মকর্তা বৈঠকটিকে পুতিনের ‘স্বপ্ন’ হিসেবে উল্লেখ করেন। তার মতে, বৈঠকের পর তিন নেতার একসঙ্গে ছবি তোলার সময় কে মাঝখানে থাকছেন, সেটিও ট্রাম্পের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ওই ছবি পশ্চিমা বিশ্বের প্রভাব কমে যাওয়ার প্রতীক হয়ে উঠতে পারে। যেখানে থাকবেন প্রায় পাঁচ বছর আগে বিনা উসকানিতে ইউক্রেনে হামলা শুরু করা পুতিন, রাশিয়ার প্রধান অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থক শি এবং যুক্তরাষ্ট্রের সেই প্রেসিডেন্ট, যিনি ইউক্রেনকে সামরিক সহায়তা সীমিত করে কয়েক দশকের মার্কিন নীতিতে বড় পরিবর্তন এনেছেন।
ইউরোপের আশঙ্কা, বৈঠকে ট্রাম্প রাশিয়ার বয়ান কিংবা যুদ্ধক্ষেত্রের বাস্তবতা নিয়ে মস্কোর মনগড়া ব্যাখ্যা মেনে নিতে পারেন। এরপর দুই ক্ষমতাধর নেতার সঙ্গে তড়িঘড়ি করে করা কোনো সমঝোতা বাস্তবায়নে বাধ্য করতে পারেন তিনি।
সিএনএনের সাথে আলাপকালে অনেক ইউরোপীয় কর্মকর্তাদের একটি অংশ এখনো আশা করছেন, ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে চীন নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে। পুতিনকে পারমাণবিক হুমকি কমাতে শির চাপ দেয়া, যুদ্ধে রাশিয়াকে সরাসরি পূর্ণমাত্রায় অস্ত্র সরবরাহ না করা এবং কার্যকর পরিবর্তন আনতে সক্ষম বৈশ্বিক পরাশক্তি হওয়ার চীনের আকাঙ্ক্ষা থেকেই এমন প্রত্যাশা তৈরি হয়েছে।
তবে এ আশাবাদ বাস্তব পরিস্থিতিকে উপেক্ষা করছে বলেও মনে করছেন অনেকে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় চীনের জন্য বড় কৌশলগত ধাক্কা হতে পারে। কারণ, গুরুত্বপূর্ণ মিত্রের এমন পরাজয় বেইজিংয়ের আন্তর্জাতিক অবস্থানকে দুর্বল করবে। পাশাপাশি চলতি বছর ইরান ও ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের চাপ ও পদক্ষেপের বিষয়টিও চীন ভালোভাবে নেয়নি। ফলত ইউক্রেনে পশ্চিমাদের পরাজয়ের মধ্য দিয়ে এর প্রতিশোধ নেয়ার আকাঙ্ক্ষাও বেইজিংয়ের থাকতে পারে।
গত এক মাসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি উদ্যোগের আড়ালে ইউক্রেন ও ইউরোপীয় ন্যাটো দেশগুলো একের পর এক ধাক্কা খেয়েছে। এ উদ্যোগে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও ঘনিষ্ঠ সহযোগী স্টিভ উইটকফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে কূটনৈতিক অভিজ্ঞতা ও সাফল্যের দিক থেকে তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে।
ধাক্কার শুরুটা হয় রাশিয়ার কাছ থেকে ট্রাম্পের ডিজেল কেনার চুক্তির মধ্য দিয়ে। এতে কয়েক বছরের নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পাশাপাশি রাশিয়ার যুদ্ধ তহবিল পুনরায় শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এরপর ইউক্রেনের প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও স্টারশিল্ড সেবা নিয়ে রহস্যজনকভাবে বিঘ্ন ঘটে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় এসব সহায়তা ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ। যদিও হোয়াইট হাউস এ ধরনের বিঘ্নের ঘটনা অস্বীকার করেছে কিংবা বিষয়টিকে গুরুত্ব না দেয়ার ইঙ্গিত দিয়েছে।
গত মাসে ক্রেমলিনে আয়োজিত এক বৈঠকে অবসরপ্রাপ্ত মার্কিন শিক্ষক ও সাবেক সেনাসদস্য স্টিফেন হাবার্ডকে মুক্তি দেয়ার পর পুতিনকে ‘মানবিক ব্যক্তি’ হিসেবে আখ্যা দেন উইটকফ। তার এ মন্তব্যও ইউরোপের উদ্বেগ বাড়িয়েছে।
এরপর ওয়াশিংটন ডিসিতে পুতিনের এক দূতের সঙ্গে বৈঠকের পর শান্তি প্রক্রিয়াকে নতুন ইউরোপীয় নিরাপত্তা কাঠামো গঠনের উদ্যোগ হিসেবে তুলে ধরেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এতে কার্যত ক্রেমলিনের সেই বয়ানই গুরুত্ব পায়, যেখানে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার পরিবর্তে প্রতিবেশী ন্যাটো জোটকে দায়ী করা হয়। অথচ ২০০৮ সালে জর্জিয়া এবং ২০১৪ ও ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান চালিয়েছে রাশিয়া।
একটি শান্তি সম্মেলনের সময় ইউক্রেনের ওপর স্টারশিল্ড সেবা ব্যবহারে আরও বিধিনিষেধ আরোপের পর পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যান কুশনার। ইউরোপকে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় যুক্ত করার বিষয়ে পুতিনের সম্মতি আদায়ের আশায় সেখানে গিয়েছিলেন তিনি। ফিরে কুশনার দাবি করেন, পুতিন এতে সম্মতি দিয়েছেন। কিন্তু ক্রেমলিন সরাসরি ট্রাম্প জামাতার বক্তব্য অস্বীকার করে।
সবশেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, দনবাসের বাকি অংশ ছেড়ে দিলে ইউক্রেনকে ন্যাটোর মতো নিরাপত্তা নিশ্চয়তা দেয়ার প্রস্তাব দিয়েছেন কুশনার।
প্রকাশ্যে আসা তথ্যই যদি এতটা উদ্বেগজনক হয়, তাহলে চীনের ‘শেনজেন সম্মেলনকে’ ট্রাম্পের ক্রমশ মস্কোর বলয়ে চলে যাওয়ার চূড়ান্ত পর্যায় হিসেবে দেখাটা খুব একটা অমূলক নয়। প্রকাশ্যে তার কর্মকাণ্ডে ভিন্ন কোনো ইঙ্গিত মিলছে না। এমনকি ইউক্রেনের বিরুদ্ধে পুতিন আরও কঠোর হতে পারতেন বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। রাশিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডারের কথা বিবেচনায় নিলে এ বক্তব্যের তাৎপর্য আরও গভীর। কারণ, প্রচলিত অস্ত্রের পাশাপাশি প্রতিনিয়ত ইউক্রেনের আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে মস্কো।
শেনজেন সম্মেলনকে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের পুনরাবৃত্তি বা ‘ইয়াল্টা ২.০’ হিসেবে দেখার সুযোগ নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাতের অবসানে বিজয়ী তিন শক্তির নেতারা ইয়াল্টায় বসে বিশ্বব্যবস্থা ভাগাভাগি করেছিলেন। পরবর্তী সময়ে তাদের সাম্রাজ্যগুলোর কোনোটি ভেঙে পড়েছে, আবার কোনোটি শক্তিশালী হয়েছে।
যদিও শেনজেন সম্মেলনে অংশ নেয়া তিন নেতা সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার প্রতিনিধিত্ব করছেন। ট্রাম্প ও পুতিন নিজেদের পছন্দে শুরু করা দুটি যুদ্ধে জড়িয়ে পড়েছেন, যার কোনোটিতেই কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। বয়সের ভারে ন্যুব্জ এই দুই নেতা তাদের দেশের ক্রমহ্রাসমান ক্ষমতারও প্রতিচ্ছবি। অন্যদিকে শি জিনপিংয়ের নেতৃত্বে চীন প্রযুক্তিগত পরাশক্তি হিসেবে দ্রুত ও কার্যকরভাবে উত্থান ঘটিয়েছে। তবে তাইওয়ানে সম্ভাব্য সামরিক অভিযানসহ নিজের পছন্দের কোনো যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে এখনো সতর্ক অবস্থানে রয়েছেন তিনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হ্যারি ট্রুম্যান, জোসেফ স্টালিন ও উইনস্টন চার্চিলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে বাধ্য হয়েছিল বিশ্ব। কিন্তু শেনজেন সম্মেলনের ক্ষেত্রে ইতিহাস হয়তো ততটা গুরুত্ব দেবে না।
তবে এই সম্মেলনের ক্ষতি শুধু ট্রাম্পের মুখে ক্রেমলিনের বক্তব্য শোনা, কিংবা আন্তর্জাতিক মঞ্চে পুতিনের রাশিয়ার কথিত ভুক্তভোগী অবস্থান ও আধিপত্যের ইতিহাস তুলে ধরার সুযোগ পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। একইভাবে ইতিহাসের অন্যতম বৃহৎ কর্তৃত্ববাদী শাসক হিসেবে বিবেচিত শি জিনপিংকে তুলনামূলক শান্ত ও বিচক্ষণ নেতা হিসেবে উপস্থাপনের বিষয়টিও একমাত্র উদ্বেগ নয়।
শেনজেন সম্মেলনে পুতিন কতটা কম বিরোধিতার মুখে পড়বেন, সেটিই মস্কোর জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হতে পারে। বিশ্বের দুই ক্ষমতাধর নেতা ব্যক্তিগত বৈঠকে পুতিনকে সহজে ছাড় দিতে পারেন এবং ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি কিংবা দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য চাপ নাও দিতে পারেন। এর পরিবর্তে চাপের মুখে পড়তে পারে ইউক্রেন ও ইউরোপ। ফলে শান্তি প্রক্রিয়ায় আবারও রাশিয়ার পক্ষে নতুন সমীকরণ তৈরি হতে পারে। এতে দনবাসের ছোট ছোট এলাকা দখলের জন্য ক্রেমলিন আরও কয়েক মাস সময় পেতে পারে। কিংবা ইউক্রেনের মা ও শিশুদের আরও একটি হাড়কাঁপানো শীত যুদ্ধের ভয়াবহতার মধ্যে কাটাতে হতে পারে।
বিশ্বের এই তিন প্রবীণ নেতার হাতে বিশ্বব্যবস্থা বদলে দেয়ার সময়ও খুব বেশি নেই। শি জিনপিংয়ের বয়স ৭৩, পুতিনের ৭৪ এবং ট্রাম্পের ৮০ বছর। ইতিহাসের কর্তৃত্ববাদী উত্থান-পতনের ধারায় শেনজেন সম্মেলন হয়তো সাময়িক একটি ঘটনা হয়েই থাকবে। কিন্তু সময় ফুরিয়ে আসার বিষয়টি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের বাকি দুই বছরকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
(সিএনএন থেকে অনূদিত)
লেখক: নিক প্যাটন ওয়ালশ (এমি পুরস্কারজয়ী ব্রিটিশ সাংবাদিক এবং সিএনএন-এর চিফ ইন্টারন্যাশনাল সিকিউরিটি করেসপন্ডেন্ট)