
দেশের রিজার্ভ ৩৪.৪৯ বিলিয়ন ডলার
অর্থ-বাণিজ্য
কমল দে
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৫

চট্টগ্রাম বন্দর দিয়ে বিপুল পরিমাণ খেজুর ও ফল আমদানি করা হয়েছে।
রমজান সামনে রেখে চট্টগ্রাম বন্দর দিয়ে বিপুল পরিমাণ খেজুর ও বিদেশি ফল আমদানি হচ্ছে। তবে শুল্ক কমানোর উদ্যোগ থাকলেও ডলারের দাম ও জাহাজ ভাড়া বৃদ্ধিতে ভোক্তা পর্যায়ে এর সুফল পাওয়া নিয়ে সংশয় ব্যবসায়ীদের।
আমদানি করা অভিজাত খেজুর এবং আপেল-কমলা-মাল্টার মতো ফল ধীরে ধীরে ভরে উঠছে চট্টগ্রামের ফলের সবচেয়ে বড় পাইকারি বাজার ফলমন্ডি। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা ফল এবং খেজুর প্রথমে নিয়ে আসা হয় এই ফলমন্ডিতে। এরপর পাঠানো হয় দেশের অন্যান্য অঞ্চলে।
চলতি বছরের প্রথম ১০ মাসে আমদানি করা ৩ লাখ ৭৭ হাজার ৬৭ মেট্রিক টন খেজুর এবং ফল থেকে ৩ হাজার ৮০০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউজ। চট্টগ্রাম বন্দরে এই মুহূর্তে ফল এবং খেজুর বোঝাই ৮৭১ টিইইউএস কন্টেইনারের অবস্থান রয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউজের সহকারী কমিশনার শরীফ মো. আল আমিন বলেন,
আমদানির প্রবণতা সঠিকভাবেই রয়েছে। আমদানির কোনো ঘাটতি নেই। বিগত অর্থবছরের তুলনায় আরও বেশি আমদানি হবে বলে আশা প্রকাশ করছি।
বছরে বাংলাদেশ প্রায় ১ লাখ মেট্রিক টন খেজুরের চাহিদা থাকলেও শুধু পবিত্র রমজান মাসে ইফতারের চাহিদা থাকে ৬০ থেকে ৭০ মেট্রিক টন খেজুর। চাহিদার বিপরীতে বাংলাদেশে খেজুর আমদানি হয়েছে ৭১ হাজার ৪৭২ মেট্রিক টন। সেপ্টেম্বর-অক্টোবর মাসে আমদানি করা খেজুর বন্দর থেকে ছাড় হয়ে বাজারের আড়তেও চলে এসেছে। সরকার খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করায় প্রতি কেজি খেজুরের ক্ষেত্রে দাম কমবে ২০০ থেকে ২৫০ টাকা। কিন্তু ডলারের দর ও জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় এর সফলতা নিয়ে সংশয়ে রয়েছেন ব্যবসায়ীরা।
ফলমন্ডির চট্টলা ডেটস শপের মালিক মু. রাশেদ কামাল বলেন, ‘খেজুর উৎপাদন হয় জুন, জুলাই ও আগস্টের দিকে। আমরা ওই সময় খেজুর নিয়ে আসি। তাই শুল্ক আরও মাস দেড়েক আগে কমালে বাজারে একটা প্রভাব পড়ত।’
ফলমন্ডির মেসার্স আর এন জেনারেল ট্রেডিংয়ের মালিক রহমত আলী বলেন, ‘শুল্ক কমানোয় সরকারকে ধন্যবাদ। কিন্তু এটা নতুন পণ্য আসার আগে করা হলে আমরা লোকসানে পড়তাম না।’
চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য অনুযায়ী, চলতি বছর ১ হাজার ৩৫৬ কোটি টাকা মূল্যের ১ লাখ ৫৫ হাজার ১৯৮ মেট্রিক টন আপেল, ৯৭৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ১১ হাজার ৩৮৬ মেট্রিক টন কমলা ও মাল্টা এবং ৪৫৪ কোটি টাকা মূল্যের ৩৯ হাজার মেট্রিক টন আঙ্গুর আমদানি হয়েছে। এদিকে সরকার রমজানকে সামনে রেখে আপেল-মাল্টার আমদানি শুল্ক ১২১ শতাংশ থেকে ৬১ শতাংশ কমিয়ে ৬০ শতাংশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আর এতে ২০ কেজি প্রতি কার্টন আপেলে ৮০০ টাকা এবং সাড়ে ১৫ কেজির প্রতি কার্টন মাল্টায় ৫০০ টাকা কমবে।
চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী হোসেন বলেন, ‘ফলকে সরকার বিলাসি পণ্য ঘোষণা করেছে। কিন্তু এটা তো বিলাসি পণ্য না। এটা রোগীর খাদ্য। এটা সব সময় একই নিয়মে রাখলে সরকারের জন্যও ভালো, ভোক্তার জন্যও ভালো।’
ফলমন্ডির মেসার্স মেহেদী এন্টারপ্রাইজের মালিক মো. ইয়াছিন বলেন,
দামটা যেন সারা বছর স্থিতিশীল থাকে, সেটাই চাওয়া। শুল্ক ৫০ শতাংসের মধ্যে হলে আমরা পর্যাপ্ত পরিমাণে ফল আমদানি ও বিক্রি করতে পারব। মানুষও চাহিদা মতো ফল পাবে।
তবে খেজুরের আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত ১০ মার্চ পর্যন্ত এবং ফলের ক্ষেত্রে ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।