
যুক্তরাজ্যে মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশে বহিষ্কার
আন্তর্জাতিক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৬:৩৩

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বিচারক ইওয়াসাওয়া ইয়ুজি।
রোহিঙ্গা গণহত্যার মামলার রায় ঘোষণা শুরু করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা উচ্ছেদ অভিযান শুরুর আগের ঘটনাগুলো তুলে ধরে আইসিজে বিচারক ইওয়াসাওয়া বলেছেন, নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের ওপর আরসার (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) হামলার বিষয়টি আদালত স্বীকার করে।
তবে বিচারক বলেন, আদালতে উপস্থাপিত প্রমাণে দেখা গেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী বিভিন্ন এলাকায় নির্বিচারে হত্যা, পুরুষদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে হত্যা, যৌন সহিংসতা এবং পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে।
ইওয়াসাওয়া আরও বলেন, আদালত দেখতে পেয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে এবং শিশুদের ওপর চরম সহিংসতা করেছে।
এ ছাড়া বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসছিলেন, তখন পালিয়ে যাওয়ার পথে তাদের ওপরও হামলা চালানো হয়েছিল বলে উল্লেখ করেন বিচারক।
২০১৬ ও ২০১৭ সালে রোহিঙ্গাদের জাতিগত নিধনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় ওই জাতিগত নিধন চালানো হয়।
নেদারল্যান্ডসের স্থানীয় সময় অনুযায়ী সকাল ১০টার দিকে হেগের পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে রায় ঘোষণা শুরু হয়েছে। রায় ঘোষণা করছেন আইসিজের সভাপতি বিচারক ইওয়াসাওয়া ইয়ুজি।
এদিকে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় দেখতে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে বড় পর্দার টিভি বসানো হয়েছে। সেখানে জড়ো হয়েছেন বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থী।
আইসিজে বিচারক ইওয়াসাওয়া ইউজি মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলার প্রেক্ষাপট এবং রায় দেওয়ার ক্ষেত্রে আদালতের অনুসরণ করা পদ্ধতি তুলে ধরেছেন।
বিচারক ইওয়াসাওয়া বলেন, গণহত্যা নিয়ে অতীতে দেয়া আদালতের রায়গুলোর সঙ্গে বর্তমান মামলার তুলনা করার মতো কোনো বিচারিক সিদ্ধান্ত আইসিজের হাতে নেই। ফলে এ মামলায় আদালতকে নিজস্ব সিদ্ধান্তে পৌঁছাতে পক্ষগুলোর উপস্থাপিত প্রমাণের ওপর নির্ভর করতে হয়েছে।
তিনি জানান, আদালত সাক্ষীদের জবানবন্দি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করবে। এসব সাক্ষ্য কীভাবে দেয়া হয়েছে এবং কী পরিস্থিতিতে দেয়া হয়েছে, সেটাও বিবেচনায় নেয়া হয়েছে।
এ ছাড়া যারা সাক্ষ্য দিয়েছেন, তাদের ওপর প্রতিশোধমূলক হামলার আশঙ্কার বিষয়টিও আদালতের বিবেচনায় রয়েছে বলে জানান বিচারক।
মৌখিক শুনানির সময় ২০১৭ সালের আগস্টের শেষ সপ্তাহে সহিংসতার শিকার হওয়া চারজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য শুনেছে আদালত।
বিচারক বলেন, গাম্বিয়ার পক্ষ থেকে উপস্থাপিত সাক্ষীরা যেসব নির্দিষ্ট ঘটনার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন, সেসব বিষয়ে তাদের বক্তব্যকে বিশ্বাসযোগ্য বলে মনে করেছে আদালত। তিনি আরও বলেন, সাক্ষীদের গুরুত্বপূর্ণ অনেক বক্তব্য জেরার সময়ও খণ্ডন করা যায়নি।
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার অভিযোগ যথাযথভাবে তদন্ত না করার বিষয়টি তুলে ধরেছেন বিচারক ইওয়াসাওয়া ইউজি। তিনি বলেন, মামলার প্রমাণ মূল্যায়নের ক্ষেত্রে আদালত মিয়ানমারের অসহযোগিতার বিষয়টি বিবেচনায় নিয়েছে।
বিচারক বলেন, মিয়ানমার কথিত নৃশংসতার ঘটনাগুলো নিয়ে আন্তরিকভাবে তদন্ত করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য অনুরোধ করা হলেও দেশটি প্রমাণ ও সাক্ষীদের কাছে পৌঁছানোর সুযোগ দেয়নি। এ বিষয়গুলোও আদালতের বিবেচনায় নেয়া হয়েছে।
মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে বৈষম্য ও বিদ্বেষ ছড়ানোর ক্ষেত্রে দেশটির সামরিক বাহিনীর পৃষ্ঠপোষকতায় প্রচারিত ঘৃণামূলক বক্তব্য ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন বিচারক ইওয়াসাওয়া ইউজি।
আইসিজের পর্যবেক্ষণ তুলে ধরে বিচারক বলেন, রোহিঙ্গারা মিয়ানমারে কয়েক প্রজন্ম ধরে বসবাস করে আসছেন।
তাদের ঐতিহাসিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধের মাধ্যমে ধীরে ধীরে রোহিঙ্গাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এর ফলে তারা সমাজে প্রান্তিক জনগোষ্ঠীতে পরিণত হয়েছেন এবং বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছেন।
তিনি আরও বলেন, সামরিক বাহিনীর পৃষ্ঠপোষকতায় ছড়ানো বিদ্বেষমূলক বক্তব্য রোহিঙ্গাদের বিরুদ্ধে শত্রুতা ও ঘৃণা উসকে দিয়েছে।
তথ্যসূত্র: বিবিসি
প্রাসঙ্গিক: