
শত্রুরা ফের হামলা চালালে, সংঘাত কখন শেষ হবে ঠিক করবে ইরান: খামেনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৪:৫১

ইসরাইলের ‘ডেমোক্র্যাটস’ দলের নেতা ইয়ার গোলান। ছবি: সংগৃহীত
ইসরাইলের ‘ডেমোক্র্যাটস’ দলের নেতা ইয়ার গোলান সতর্ক করে বলেছেন, ইরানে নতুন করে হামলার সম্ভাবনাকে কাজে লাগিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করতে পারেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইসরাইলের এই বিরোধীদলীয় নেতা বলেন, ইরানের সাথে আরেকটি যুদ্ধের ঝুঁকি বাড়ছে।
তিনি দাবি করেন, এ ধরনের সংঘাতের নেতৃত্ব দেয়ার মতো জনসমর্থন, নৈতিক বৈধতা ও মৌলিক সক্ষমতা কোনোটিই নেতানিয়াহুর নেই। একই সঙ্গে যত দ্রুত সম্ভব নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।
পোস্টে ইরানের সঙ্গে সংঘাত নিরসনে ব্যর্থতার জন্য নেতানিয়াহুকে দায়ী করেন গোলান। তিনি লেখেন, ‘আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে বারবার ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে হচ্ছে। নেতানিয়াহু কতটা ব্যর্থ হয়েছেন, এটি তারই প্রমাণ।’
গোলান আরও বলেন, গাদি আইজেনকট, আভিগদর লিবারম্যান, নাফতালি বেনেট, ইয়ার লাপিদ ও তিনি নিজে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে গভীরভাবে জানেন। তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার বিষয়ে স্পষ্ট ধারণা রয়েছে। ইসরাইলকে সুরক্ষিত রাখতে তারা একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা আগের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির যেটুকু অবশিষ্ট রয়েছে, সেগুলোতে ‘মাত্র ১০ মিনিটের মধ্যেই’ আঘাত হানার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় শনিবার (৩১ অক্টোবর) রাতে ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘এখনও এক বা দুটি স্থাপনা বাকি আছে, যেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন। এর মধ্যে পিকঅ্যাক্স মাউন্টেনও রয়েছে। আমরা ১০ মিনিটেই এটি গুঁড়িয়ে দিতে পারি। এ জন্য আমাদের পরিকল্পনা রয়েছে এবং খুব দ্রুত তা বাস্তবায়ন করতে পারি।’
সূত্র: ওয়াইনেট নিউজ