
যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ‘১০ গুণ’ বেশি ভয়াবহ, হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৪:১৫

গত মঙ্গলবার (১০ নভেম্বর) অজ্ঞাত কোনো স্থানে অবস্থিত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর প্রদর্শন করে ইরানের সশস্ত্র বাহিনী। ছবি: সংগৃহীত
ফের যুদ্ধ শুরু হলে শত্রুর সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। পাল্টা হামলার ক্ষেত্রে ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা থাকবে না বলেও জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কমান্ডার। ইরানের বার্তা সংস্থা ইসনার বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি বলেন, হালনাগাদ করা এই তালিকা সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দেয়া নির্দেশনার প্রতিফলন। যেকোনো হুমকির জবাবে ‘ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া’ জানানোর নির্দেশনা দিয়েছিলেন তিনি।
হেইদারি বলেন, ‘সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করা হয়েছে। সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডারদের কাছে তা পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে।’ ভবিষ্যতে কোনো সংঘাত শুরু হলে ইরানের সামরিক বাহিনীর জবাব শত্রুপক্ষের জন্য ‘প্রকৃত অর্থেই পঙ্গু করে দেওয়ার মতো’ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ইরানের বিরুদ্ধে হামলা চালাতে ব্যবহার করা হলে মধ্যপ্রাচ্যের বাইরের মার্কিন সামরিক ঘাঁটিতেও আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি। এসব ঘাঁটির মধ্যে ইউরোপের মার্কিন সামরিক স্থাপনাও রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) লেবাননের টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে রেজায়ি বলেন, ‘ইরানে বোমা হামলা চালাতে কোনো মার্কিন বিমান যদি ইউরোপের কোনো দেশ কিংবা দূরবর্তী অন্য কোনো অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করে, তাহলে আমরাও ওই ঘাঁটিগুলোতে হামলা চালাব।’
তথ্যসূত্র: আল জাজিরা ও ডন
প্রাসঙ্গিক: