
যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ‘১০ গুণ’ বেশি ভয়াবহ, হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৫

ক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: আনাদোলু
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে সমাধানের পথ খুঁজতে দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির সঙ্গে সরাসরি বৈঠকের কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার সহযোগী ও বিদেশি অংশীদারদের জানিয়েছেন, তেহরানের সঙ্গে নতুন করে আলোচনায় ভ্যান্সকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিতে আগ্রহী তিনি। এ ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর দায়িত্বও ভাইস প্রেসিডেন্টকে দিতে পারেন তিনি।
সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে কাতারের রাজধানী দোহার নামও আলোচনায় এসেছে। তবে বৈঠকের কোনো তারিখও নির্ধারণ করা হয়নি। পরবর্তী পদক্ষেপ নিয়ে মধ্যস্থতাকারী ও আঞ্চলিক মিত্রদের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ চলছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবরে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়িকে চিঠি পাঠান ভ্যান্স। ওই চিঠিতেই বৈঠকের অনুরোধ জানানো হয়েছিল।
প্রতিবেদন মতে, এ ধরনের উদ্যোগ ভ্যান্সের জন্য রাজনৈতিক ঝুঁকিও তৈরি করতে পারে। আলোচনা ব্যর্থ হলে এর দায় নিয়ে প্রকাশ্যে সমালোচনার মুখে পড়তে পারেন তিনি। তবে সফল হলে অজনপ্রিয় একটি যুদ্ধের অবসানে ভূমিকা রাখা কর্মকর্তা হিসেবে তার রাজনৈতিক অবস্থান শক্তিশালী হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত জুনে ভ্যান্সের সম্পৃক্ততায় হওয়া কাঠামোগত চুক্তি নিয়ে ব্যক্তিগতভাবে প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প। তার মতে, ওই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকরের আগে ইরান ঘুরে দাঁড়ানোর এবং তেল বিক্রি করে রাজস্ব আয়ের সময় পেয়েছিল।
তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা চুক্তি নিয়ে ট্রাম্পের দ্বিতীয়বার ভাবার খবর নাকচ করেছেন। তিনি বলেন, আলোচকেরা আন্তরিকতার সঙ্গেই কাজ করেছিলেন।
গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের সঙ্গে যুদ্ধের সম্পর্কের কথাও প্রকাশ্যে তুলে ধরেছেন ভ্যান্স। সংঘাতের অবসানে প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে বলেও উল্লেখ করেছেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এরপর এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হয়। জুনে শান্তিচুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি কাঠামোগত চুক্তি সই হয়। তবে যুক্তরাষ্ট্র ওই চুক্তি মানছে না। নতুন করে চুক্তির জন্য তেহরনাকে চাপ দিচ্ছে।