
শান্তর রিভিউ বিভ্রাটের পরও স্বস্তি নিয়েই লাঞ্চে গেল বাংলাদেশ
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৯

দারুণ ব্যাটিং করলেন নাঈম হাসান। ছবি: বিসিবি
আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনে ২৯ রান যোগ করতেই বাকি ২ উইকেট হারাল বাংলাদেশ। শনিবার (১০ অক্টোবর) সকালের সেশনে ৩৪৬ রানে গুটিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল।
দ্বিতীয় দিনের শুরুতেই নতুন বলের সামনে পড়ে যায় বাংলাদেশের টেল এন্ডার। নাঈম হাসান বেশ সাবলীল ব্যাটিং করলেও তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন তাকে সঙ্গ দিতে পারেননি।
৩৩৫ রানের মাথায় বিদায় নেন তাইজুল। মোহাম্মদ সালেমের শর্ট বলে উইকেটের পেছনে ক্যাচ দেন এই বাঁহাতি। আউট হওয়ার আগে ২০ বলে ৯ রান করেন তাইজুল।
তাইজুলের বিদায়ের পর নাঈম একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন। শেষ ব্যাটার ইবাদত তাকে সঙ্গে দিতে ব্যর্থ। রানের খাতা খোলার আগেই ইয়ামিন আহমেদজাইয়ের বলে আউট হয়ে গেছেন তিনি। নাঈম হাসান ৬৭ বলে ৪ চারে ৩৫ রানে অপরাজিত থাকেন।
এর আগে গতকাল দিনের শেষ ভাগে দ্রুত উইকেট হারিয়ে ৮ উইকেটে ৩১৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
একসময় ২ উইকেটে ২২১ রান করা বাংলাদেশ পরের ৯৬ রান যোগ করতেই হারিয়েছে ৬ উইকেট। তানজিদ ও সাদমানের পর পঞ্চাশের দেখা পেয়েছিলেন লিটন দাসও। তবে তিনজনের কেউই ইনিংস বড় করতে পারেননি।
দুই অঙ্কের ঘরে পৌঁছেও পঞ্চাশে যেতে ব্যর্থ হয়েছেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে কোনো রান না করেই সাজঘরে ফিরেছেন মুশফিকুর রহিম।
সালেম ২৩ ওভারে ২টি মেডেনসহ সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। এছাড়া ইয়ামিন ৩টি, ইসমাত আলম ২টি এবং কাইস আহমেদ ১টি উইকেট শিকার করেন।