
ব্যালন ডি’অরে কোন দেশ কাকে ভোট দিল
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫:১১

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: ক্রীড়া মন্ত্রণালয়
অবাক করা কাজই করলেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দারা। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য চাঁদা তুলে ৬০ শতাংশ জমি কিনে স্থায়ী খেলার মাঠ তৈরি করেছেন তারা।
গ্রামের মানুষের এই স্বতঃস্ফূর্ত ও প্রশংসনীয় উদ্যোগের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি সরকারের নীতিনির্ধারক মহলের নজর কেড়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাবুপুরবাসীর এই মহৎ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাঠের পাশের আরও ৬০ শতাংশ জমি কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দিতে এবং সংশ্লিষ্টদের সম্মান জানাতে আগামী ১ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদে ডিসি, ইউএনও এবং গ্রামের প্রতিনিধিদের ডেকেছেন প্রতিমন্ত্রী। তার মতে, বাবুপুরের শিশু-কিশোরদের জন্য শুধু একটি খেলার মাঠই তৈরি হচ্ছে না, বরং এটি সারা দেশের জন্য জনসম্পৃক্ততার এক দারুণ অনুপ্রেরণামূলক মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে।
গ্রামবাসীদের ব্যতিক্রমী উদ্যোগ সম্পর্কে আমিনুল হক বলেন, খেলার মাঠের জন্য বাবুপুর গ্রামের মানুষের এমন স্বতঃস্ফূর্ত উদ্যোগ আমাদের ক্রীড়াঙ্গনে এক ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকার ও মন্ত্রণালয় সবসময় এমন ইতিবাচক ও স্বউদ্যোগী কাজকে উৎসাহ দিতে চায়। শিশু-কিশোরদের খেলাধুলার সুস্থ পরিবেশ নিশ্চিত করতে আমরা যদি এই গ্রামবাসীর পাশে থাকতে পারি তা হবে বিশেষ কিছু।
প্রায় সাড়ে তিন হাজার মানুষের বাবুপুর গ্রামে খেলাধুলার জন্য কোনো স্থায়ী মাঠ ছিল না। বছরের নির্দিষ্ট কিছু সময়ে অর্থাৎ ধান কাটার পর ফাঁকা জমিতে খেলার সুযোগ মিললেও চাষাবাদের মৌসুম শুরু হলে সেই সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে যেত। এই সংকট নিরসনে গ্রামের ক্রীড়াব্যক্তিত্ব খোরশেদ আলম ও উদ্যোক্তা এস এম ইকবাল মাহমুদের নেতৃত্বে এলাকার বিত্তবান ও সাধারণ মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সেই সভায় জমি কিনে খেলার মাঠ করার সিদ্ধান্ত হয়। সভাতেই গ্রামের মানুষ সাধ্যমতো কেউ ২০০, ৫০০, ১,০০০ আবার কেউ ৫,০০০ বা ১০,০০০ টাকা করে চাঁদা দিয়ে তহবিল গঠন করেন। এরপর ৩০ লাখ ৬৮ হাজার টাকা পরিশোধ করে ৫৯ শতাংশ জমি কেনা হয়, এক শতাংশ জমি দান করেন জমির মালিক ইকবাল হোসেন। গত ২৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে গ্রামবাসীকে জমি বুঝিয়ে দেওয়া হয় এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মাঠের শুভ উদ্বোধন করা হয়।