
ইংল্যান্ড দলে ফিরলেন আর্চার-বেথেল, অস্ট্রেলিয়া সফরে দুই নতুন মুখ
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৫:৫৬

আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্র্যাফট থেকে নাম প্রত্যাহার করেছেন ইংলিশ ক্রিকেটার অলি পোপ। ছবি: ইসিবি
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরের ড্রাফট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অলি পোপ। আফগানিস্তানে নারীদের প্রতি তালেবান সরকারের আচরণের কারণে ইংল্যান্ডের ক্রিকেটারদের এই লিগে সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর তিনি এ সিদ্ধান্ত নেন।
চলতি মাসে ক্রিকইনফো জানিয়েছিল, আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে অস্বীকৃতি জানালেও এপিএলে অংশ নিতে ইংল্যান্ডের ক্রিকেটারদের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার পরিকল্পনা করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর কারণ হিসেবে তালেবান সরকারের নারী-সংক্রান্ত নীতির কথা উল্লেখ করা হয়েছিল।
ইসিবির চেয়ারম্যান রিচার্ড থম্পসন গত সপ্তাহে বলেছিলেন, এপিএলে খেলার জন্য ইংলিশ ক্রিকেটারদের এনওসি দেওয়ার আগে বোর্ডকে ‘খুব সতর্কভাবে চিন্তাভাবনা’ করতে হবে। তবে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাজ্যের প্রতিযোগিতা-সংক্রান্ত আইন এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে।
গত সোমবার (১২ অক্টোবর) সকালে ইংল্যান্ডের পুরুষ ক্রিকেট দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি খেলোয়াড়দের এপিএলে অংশ নেওয়ার বিষয়ে ‘সঠিক নৈতিক অবস্থান’ গ্রহণের আহ্বান জানান। গত গ্রীষ্মেও ইংল্যান্ডের অধিনায়কত্ব করা এবং সম্প্রতি নতুন এক বছরের কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করা পোপের সঙ্গে এপিএল ড্রাফটে নাম নিবন্ধনের সিদ্ধান্ত নিয়ে কথা বলবেন বলেও জানান তিনি।
তবে ক্রিকইনফো আজ (১৩ অক্টোবর) জানিয়েছে, পোপ ইতিমধ্যেই ড্রাফট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আগামী ২৪ অক্টোবর এই ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা। রব কি সোমবার এ বিষয়ে কথা বলার আগেই পোপ এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ইংল্যান্ডের আরও অন্তত দুই ক্রিকেটার উইল স্মিড ও ডেভিড উইলিও ড্রাফট থেকে নাম প্রত্যাহার করেছেন।
সাধারণত এ ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলোয়াড়দের নাম তাদের এজেন্টরা নিবন্ধন করে থাকেন। তাই ধারণা করা হচ্ছে, এপিএল ড্রাফটে তাদের নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি খেলোয়াড়েরা হয়তো আগে জানতেন না। বিষয়টি সামনে আসার পর তাদের অংশগ্রহণ নিয়ে সমালোচনা শুরু হয়, যার মধ্যে ছিলেন লেবার পার্টির সংসদ সদস্য টোনিয়া আন্তোনিয়াজ্জিও।
বিবিসির ‘টেস্ট ম্যাচ স্পেশাল’ পডকাস্টে রব কি বলেন, ‘আইনগতভাবে খেলোয়াড়দের এসব প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ঠেকানো কঠিন। বিষয়টি নৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে। খেলোয়াড়দের সঠিক নৈতিক অবস্থান নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ব্যক্তিগতভাবে বললে, আমার পক্ষে এ কথা বলা সহজ, আমি সেখানে খেলতে যেতাম না। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা খেলোয়াড়দেরই নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আফগানিস্তানে নারীদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে এবং দেশটিতে যেভাবে বিভিন্ন বিষয় পরিচালিত হয়, তার সঙ্গে আমি একমত নই। তাই আমি সেখানে খেলতে যেতাম না।’
ড্রাফটে এখনো নাম থাকা ইংল্যান্ডের আরেক ক্রিকেটার ডেভিড মালান সম্ভাব্য অংশগ্রহণের পক্ষে যুক্তি দিতে গিয়ে ইসিবি ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্দেশনার ওপর নির্ভর করার কথা বলেছেন।
‘টেস্ট ম্যাচ স্পেশাল’ পডকাস্টে মালান বলেন, ‘খেলোয়াড় হিসেবে আমরা আইসিসি ও নিজ নিজ বোর্ডের নির্দেশনা অনুসরণ করি।’
তিনি আরও বলেন, ‘আমার একটি মেয়ে আছে। আমি চাই, সে খেলাধুলা করুক, খেলাধুলায় যুক্ত হোক এবং তা উপভোগ করুক। তাই এ বিষয়ে যে যুক্তি দেওয়া হচ্ছে, তা আমি পুরোপুরি বুঝতে পারি। কিন্তু দিন শেষে আমি একজন ক্রিকেটার। আমাকে বাড়িভাড়া দিতে হয় এবং যত দিন পারি, তত দিন উপার্জন করতে হবে। তাই বোর্ডগুলো যদি এতে অনুমোদন দিয়ে থাকে, তাহলে আমি খেলতে রাজি।’
এদিকে, এপিএল নির্ধারিত সময়ে আদৌ শুরু হবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে। গত সপ্তাহে ক্রিকইনফো জানিয়েছিল, পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে এখন পর্যন্ত মাত্র তিনটি বিক্রি হয়েছে। লিগটির ভবিষ্যৎ নিয়ে সংশ্লিষ্ট একটি সূত্র পরিস্থিতিকে ‘অনিশ্চিত’ বলে বর্ণনা করেছে।
আগামী ২৭ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে এপিএল শুরু হওয়ার কথা।