
অভাবের তাড়নায় ৩০ হাজার টাকায় সন্তান বিক্রি
বাংলাদেশ
প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২২:৪০

৬ হাজার ৭০০ পিস ইয়াবা জব্দ।
বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির পাওয়ার কারে থাকা দুটি প্যাকেট খুলে পাওয়া যায় ৬ হাজার ৭০০ পিস ইয়াবা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার মো. জয়নাল আবেদীন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন ছাড়ার প্রস্তুতি চলছিল। এ সময় পাওয়ার কারের দায়িত্বে থাকা অপারেটর ওয়াকিটকির মাধ্যমে সেখানে বোমাসদৃশ কিছু থাকার সন্দেহের কথা জানান। খবর পেয়ে তিনি ও গার্ড দ্রুত ঘটনাস্থলে যান। পরে জিআরপি থানার ওসি ও এসআই রফিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত হন।
জয়নাল আবেদীন জানান, সন্দেহজনক বস্তু পাওয়ার খবর পেয়ে তিনি সিগন্যাল বাতিল করেন। পরে জিআরপি পুলিশের এসআই রফিক প্যাকেট দুটি উদ্ধার করে নিয়ে যান। প্রাথমিকভাবে বস্তুগুলো সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও পরবর্তী সময়ে পরীক্ষা করে সেগুলোর ভেতরে ইয়াবা পাওয়া যায়।
স্টেশনমাস্টার আরও বলেন, কক্সবাজারে কর্মরত এনএসআই কর্মকর্তা নুর হোসেনের উপস্থিতিতে প্যাকেটগুলো খোলা হয় এবং ভিডিও ধারণ করা হয়। মোট ৪০টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে আনুমানিক ১৭০ থেকে ১৮০ পিস করে ইয়াবা ছিল। সব মিলিয়ে ইয়াবার সংখ্যা প্রায় ৬ হাজার ৭০০ পিস বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ট্রেন ছাড়তে প্রায় পাঁচ মিনিট বিলম্ব হয় বলে জানান জয়নাল আবেদীন।
অন্যদিকে, জিআরপি পরিদর্শক মুস্তাফিজুর রহমান বলেন, পাওয়ার কারের টয়লেটের নিচে ওজুখানার পাশে একটি চেয়ারের নিচে পলিথিনে মোড়ানো দুটি লম্বা প্যাকেট পাওয়া যায়। সেগুলোর ভেতরে ৪০টি প্যাকেটে ইয়াবা ছিল। সব মিলিয়ে আনুমানিক ৬ হাজার ৭০০ পিস ইয়াবা পাওয়া গেছে।
প্যাকেটগুলো কীভাবে সেখানে পৌঁছেছে, সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করে মুস্তাফিজুর রহমান বলেন, তার প্রাথমিক ধারণা, ট্রেনটি ওয়াশপিটে থাকা অবস্থায় প্যাকেটগুলো সেখানে রাখা হয়ে থাকতে পারে। কারণ ওয়াশপিট থেকে ট্রেন স্টেশনে আসার পরপরই যাত্রীরা ওঠা শুরু করেন। তখন এ ধরনের প্যাকেট লুকিয়ে রাখার সুযোগ সীমিত।
তবে এ ঘটনায় ট্রেনের কোনো কর্মকর্তা বা কর্মচারীর সম্পৃক্ততা রয়েছে কি-না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। বিষয়টি খতিয়ে দেখতে ট্রেনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্যাকেটগুলো কারা, কখন এবং কীভাবে সেখানে রেখেছে, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন এই জিআরপি কর্মকর্তা।
প্রাসঙ্গিক:

অভাবের তাড়নায় ৩০ হাজার টাকায় সন্তান বিক্রি