
‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

ফাইল ছবি
দেশে আবারও উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৬ টাকা ৩২ পয়সা বাড়িয়ে ১৮৯ টাকা ০৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগে এ দাম ছিল ১৮২ টাকা ৭১ পয়সা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি।
এতে জানানো হয়, দেশি ও বিদেশি এয়ারলাইনসের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার। নতুন নির্ধারিত এ দাম ৫ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
জানা গেছে, গেল চার মাসে ধারাবাহিকভাবে অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম বেড়েছে। আগস্টে প্রতি লিটারের দাম ছিল ১৫৯ টাকা ৫২ পয়সা, যা সেপ্টেম্বরে বেড়ে দাঁড়ায় ১৬৫ টাকা ৬৫ পয়সা। এরপর অক্টোবরে দাম নির্ধারণ করা হয় ১৮২ টাকা ৭১ পয়সা এবং সর্বশেষ নভেম্বরে তা বেড়ে ১৮৯ টাকা ০৩ পয়সায় পৌঁছাল।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারা অনুযায়ী বিপিসি এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনা শেষে ২০২৫ সালের ১৩ মে জেট এ-১-এর মূল্য পুনর্নির্ধারণ করা হয়। পরে কমিশন মাসভিত্তিতে প্ল্যাটস রেটের ভিত্তিতে এ মূল্য সমন্বয়ের ব্যবস্থা করে।
এবারের মূল্য সমন্বয়ের জন্য ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত সময়ের আন্তর্জাতিক বাজারদর পর্যালোচনা করা হয়েছে। এ জন্য গঠিত কমিটি ওই সময়ের প্ল্যাটস রেটের গড় এবং বিপিসির এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নভেম্বর মাসের দাম সমন্বয়ের সুপারিশ করে। ৫ নভেম্বর কমিশনের গণশুনানিতে বিষয়টি পর্যালোচনার পর নতুন দাম চূড়ান্ত করা হয়।
উল্লেখ্য, গেল ২ নভেম্বর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়। এতদিন এ সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। এর আগে কয়েক দফা বাড়ানো হয় এলপিজির দাম। এছাড়া সম্প্রতি কয়েক দফায় জ্বালানি তেল ডিজেলের দামও বাড়ানো হয়েছে।