
স্পেন কি ইয়ামালকে বাড়তি সুবিধা দিচ্ছে, যা বললেন কোচ
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৯:১৬

অভিষেক ইনিংসেই ৭ উইকেট শিকার করলেন পাকিস্তানের সাকিব খান। ছবি: এএফপি
রাওয়ালপিন্ডি টেস্টে দুর্দান্ত বোলিংয়ে রেকর্ডবুকে জায়গা করে নিলেন সাকিব খান। শ্রীলঙ্কার বিপক্ষে নিজের অভিষেক টেস্টে ৭ উইকেট শিকার করে অভিষেক টেস্টে পাকিস্তানিদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে ৪৪৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। এর আগে পাকিস্তান ৯ উইকেটে ৪৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে ১২ রানের লিড পায় শ্রীলঙ্কা। সাকিব ১৩০ রান খরচায় ৭ উইকেট শিকার করেন।
টেস্ট অভিষেকে পাকিস্তানের বোলারদের মধ্যে এটি চতুর্থ সেরা বোলিং ফিগার। এর মধ্য দিয়ে মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ নাজির ও আবরার আহমেদের মতো অভিজাত তালিকায় জায়গা করে নিয়েছেন এই অভিষিক্ত পেসার।
পাকিস্তানের পক্ষে অভিষেকে সেরা বোলিং ফিগার–
| বোলার | বোলিং ফিগার | প্রতিপক্ষ ও ভেন্যু | সাল |
| মোহাম্মদ জাহিদ | ৭/৬৬ | নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি | ১৯৯৬ |
| মোহাম্মদ নাজির | ৭/৯৯ | নিউজিল্যান্ড, করাচি | ১৯৬৯ |
| আবরার আহমেদ | ৭/১১৪ | ইংল্যান্ড, মুলতান | ২০২২ |
| সাকিব খান | ৭/১৩০ | শ্রীলঙ্কা, রাওয়ালপিন্ডি | ২০২৬ |
| বিলাল আসিফ | ৬/৩৬ | অস্ট্রেলিয়া, দুবাই | ২০১৮ |
শ্রীলঙ্কাকে লিড এনে দেয়ার পথে শতক তুলে নেন ধনঞ্জয়া ডি সিলভা ও অধিনায়ক কুশল মেন্ডিস। দুজন মিলে গড়েন ২৪৯ রানের বিশাল জুটি।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে। কিন্তু এরপর আলোক স্বল্পতার কারণে দিনের খেলার ইতি টানতে হয়। চতুর্থ দিন শেষে পাকিস্তান ৪৫ রানের লিড নিয়েছে। আজান ওয়াইস ২২ এবং মোহাম্মদ তাহা ২৪ রান নিয়ে দিনের খেলা শেষ করেন। তায়েব আরিফকে ১১ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে শ্রীলঙ্কাকে একমাত্র সাফল্য এনে দিয়েছেন আসিথা ফার্নান্দো।
এর আগে ৬৫ রানে ৩ উইকেট হারানোর পর কামিন্দু মেন্ডিসের সঙ্গে ধনঞ্জয়া ডি সিলভার ৯০ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ১৩১ বলে ৮টি চারের সাহায্যে ৫৮ রান করে মোহাম্মদ আব্বাসের বলে আউট হন কামিন্দু। তাতে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৫৫ রান।
কামিন্দুর বিদায়ের পর ডি সিলভার সঙ্গী হন কুশল মেন্ডিস। পাকিস্তানের বোলারদের হতাশ করে বড় জুটি গড়েন দুজন। ২৪৯ রানের জুটি গড়ার পথে দুজনই সেঞ্চুরি তুলে নেন।
তবে চতুর্থ দিনের সকালে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। দিনের শুরুতেই সেট হয়ে যাওয়া ধনঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়ে ২৪৯ রানের জুটি ভাঙেন সাকিব। ২৪৬ বলে ২০টি চারের সাহায্যে ১৬৭ রান করে আউট হন এই শ্রীলঙ্কান ব্যাটার। পরের ওভারেই কুশল মেন্ডিসকেও ফেরান সাকিব। ২০২ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ১১৯ রান করেন শ্রীলঙ্কার অধিনায়ক।
এরপর নিজের দুর্দান্ত বোলিং অব্যাহত রেখে সোনাল দিনুশা (২০), লাহিরু কুমারা (০) ও আসিথা ফার্নান্দোকে (৪) আউট করে সাত উইকেট পূর্ণ করেন অভিষিক্ত এই পেসার। অন্যদিকে রাজাউল্লাহর শিকার হন মিলান রত্নায়েকে। ১২ রান করে ফেরেন তিনি। শেষ পর্যন্ত ৪৪৬ রানে থামে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ৪২ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা।