
‘নেতানিয়াহু সরকারের প্রতি আস্থার চরম অভাব’, বুথফেরত জরিপের ফল নিয়ে আইজেনকোট
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ৩:০

ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন এক ইসরাইলি ব্যক্তি। ছবি: রয়টার্স
ইসরাইলের পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোট শেষ হওয়ার পরপরই প্রকাশ করা হয় বুথফেরত জরিপ বা এক্সিট পোলের ফলাফল।
প্রাথমিক এক্সিট পোলের পূর্বাভাস অনুযায়ী, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পেতে ব্যর্থ হতে পারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ও বিরোধী জোট-উভয় পক্ষই।
ইসরাইলের চ্যানেল ১২-এর এক্সিট পোল অনুযায়ী, বিরোধী জোট ৫২টি আসন পেতে পারে। অন্যদিকে নেতানিয়াহুর জোট পেতে পারে ৫০টি আসন। আরব দলগুলো সম্মিলিতভাবে ১৮টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
চ্যানেল ১৩-এর পূর্বাভাসেও কোনো পক্ষের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত পাওয়া যায়নি। এ জরিপ অনুযায়ী, বিরোধী জোট ৫৩টি, নেতানিয়াহুর জোট ৫০টি এবং আরব দলগুলো ১৭টি আসন পেতে পারে।
এদিকে প্রাথমিক ফলাফলের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু সরকারের সমালোচনা করেছেন বিরোধী নেতারা। বিরোধী জোটের ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট বলেছেন, এক্সিট পোলের পূর্বাভাস ‘‘নেতানিয়াহু এবং ‘৭ই অক্টোবরের সরকারের’ প্রতি আস্থার চরম অভাব’’ নির্দেশ করছে।
অন্যদিকে ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান বলেছেন, ইসরাইলি ভোটাররা নেতানিয়াহুর সরকারকে ‘বাতিল’ করে দিয়েছেন।
তবে এক্সিট পোলের পূর্বাভাস চূড়ান্ত ফলাফল নয়। আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের পরই নির্বাচনে দল ও জোটগুলোর প্রকৃত অবস্থান এবং সরকার গঠনের সম্ভাবনা স্পষ্ট হবে।