
ইসরাইলে নির্বাচন: কী বলছে বুথফেরত জরিপ?
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ২:৪২

গাদি আইজেনকোট ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
ইসরাইলের প্রাথমিক এক্সিট পোলের বা বুথফেরত জরিপের ফলাফল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের প্রতি আস্থার চরম অভাব প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন বিরোধী জোটের ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট।
প্রাথমিক এক্সিট পোলে নেতানিয়াহুর জোট ও বিরোধী জোট-কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পূর্বাভাসের পর এ প্রতিক্রিয়া জানান তিনি।
ইসরাইলের চ্যানেল ১২-এ প্রচারিত এক মন্তব্যে আইজেনকোট বলেন, ‘যদি এটাই চূড়ান্ত ফলাফল হয়, তবে তা ইসরাইলের মূলধারার জায়নবাদী সংখ্যাগরিষ্ঠের বিজয়।’
তিনি আরও বলেন, জনগণের ইচ্ছা পূরণ করতে, নেতানিয়াহু সরকারকে প্রতিস্থাপন করতে এবং যত দ্রুত সম্ভব জাতীয় সংহতির ভিত্তিতে একটি জায়নবাদী সরকার গঠনে অবিলম্বে পদক্ষেপ নেব।
আইজেনকোটের মতে, এক্সিট পোলের এই ফলাফল নেতানিয়াহু এবং ‘৭ই অক্টোবরের সরকারের’ প্রতি আস্থার চরম অভাব নির্দেশ করে।
ইসরাইলের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রাথমিক এক্সিট পোলের পূর্বাভাস অনুযায়ী, নির্বাচনে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী জোট-কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে না।
ইসরাইলের চ্যানেল ১২-এর এক্সিট পোল অনুযায়ী, বিরোধী জোট ৫২টি আসন পেতে পারে। অন্যদিকে নেতানিয়াহুর জোট পেতে পারে ৫০টি আসন। আরব দলগুলো সম্মিলিতভাবে ১৮টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
অন্যদিকে চ্যানেল ১৩-এর দ্বিতীয় এক্সিট পোলেও কোনো পক্ষের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত পাওয়া যায়নি। এ পূর্বাভাস অনুযায়ী, বিরোধী জোট ৫৩টি আসন পেতে পারে। নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা হতে পারে ৫০টি। আরব দলগুলো পেতে পারে ১৭টি আসন।
ইসরাইলের পার্লামেন্ট নেসেটে মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, কোনো জোটই এককভাবে সেই সংখ্যায় পৌঁছাতে পারছে না।
আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রাথমিক ফলাফল পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এক্সিট পোলের পূর্বাভাস চূড়ান্ত ফলাফল নয়। আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের পরই নির্বাচনে দল ও জোটগুলোর প্রকৃত অবস্থান স্পষ্ট হবে।