
পাবজি: গল্পহীন গেম থেকে কীভাবে তৈরি হচ্ছে সিরিজ?
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭:৩৫

অ্যাপল ডুওর কিছু গ্রাহক জানিয়েছেন, তাদের ফোনের ডিসপ্লে ফেটে গেছে।
আইফোন ডুওর শুরুটা ভালো হয়নি। আর সেই সুযোগ কাজে লাগাতে কোনো রাখঢাক রাখছে না স্যামসাং। নতুন বিজ্ঞাপনে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোনের ডিসপ্লে ফেটে যাওয়ার ঘটনা নিয়ে বিদ্রূপ করেছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি। একই সঙ্গে গ্রাহকদের গ্যালাক্সি জেড ফোল্ড ৮ কেনার আহ্বান জানিয়েছে তারা।
অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন বাজারে আসার পর থেকেই একটি উদ্বেগজনক প্রবণতা দেখা যাচ্ছে। প্রাথমিক পর্যায়ের কয়েকজন ক্রেতা জানিয়েছেন, তাদের ফোনের ডিসপ্লে ফেটে গেছে। মূলত ডিসপ্লে প্যানেলের মাঝের অংশ অকেজো হয়ে যাচ্ছে। যেসব ফোনে এই অসুবিধা হয়েছে সেগুলোতে একই ধরনের সমস্যা দেখা দেওয়ায় আশঙ্কা করা হচ্ছে, অ্যাপলের হিঞ্জ বা ভাঁজ করার প্রযুক্তির নকশায় ত্রুটি থাকতে পরে।
তবে, অ্যাপল সমস্যায় পড়া গ্রাহকদের ফোন পরিবর্তন করে দিচ্ছে। কিন্তু এই ঘটনা এটাও সামনে নিয়ে আসছে যে, এ ধরনের হার্ডওয়্যার তৈরিতে এটিই প্রতিষ্ঠানটির প্রথম প্রচেষ্টা।
আর এই সুযোগটাই নিচ্ছে স্যামসাং। বিষয়টি গ্রাহকদের মনে করিয়ে দিতে পিছপা হচ্ছে না তারা।
ইনস্টাগ্রামে গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর একটি বিজ্ঞাপনে স্যামসাং বলেছে, ‘ফোন ভাঁজ করার প্রযুক্তি আমাদের কাছে নতুন কিছু নয়’ এবং ‘এ বিষয়ে আমাদের অভিজ্ঞতা আট প্রজন্মের’।
এরপর সরাসরি গ্রাহকদের উদ্দেশে বলা হয়েছে, ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এ চলে আসুন।’ বিজ্ঞাপনের ছবিতেও আইফোন ডুওর ডিসপ্লেতে দেখা দেওয়া ফাটলের বিষয়টি তুলে ধরা হয়েছে। বিজ্ঞাপনটি প্রকাশ করেছে স্যামসাং কানাডা।
তবে বিষয়টি নিয়ে আরও এক ধাপ এগিয়েছে স্যামসাং মালয়েশিয়া। তাদের বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘ফোনের স্থায়িত্ব নিয়ে এত আলোচনা দেখে কি আপনার একটু আফসোস হচ্ছে? ওহ, আমরা তো ব্যস্ত ছিলাম ফোন ভাঁজ করে নিজেদের দৈনন্দিন কাজ চালিয়ে যেতে।’
স্যামসাং অস্ট্রেলিয়াও অ্যাপলের ফোনের সমস্যা নিয়ে ব্যঙ্গ করেছে। তাদের একটি পোস্টে বলা হয়েছে, ‘ফোন খোলার সময় ডিসপ্লে না ভাঙলে জীবনটা কেমন লাগে।’
এদিকে স্যামসাং সৌদি আরবের আরেকটি পোস্টে গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর ডিসপ্লেতে আইফোন ডুওর মতো ফাটল দেখানো হয়েছে। পরে প্রকাশ করা হয়, সেটি আসলে ফোনের একটি ওয়ালপেপার বা পর্দার ছবি।
সূত্র: 9to5Google