
টিভিতে আজকের খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ৭:৩৯

ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স
দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দেশের হয়ে অসামান্য অবদানের জন্য পর্তুগালের কিংবদন্তি অধিনায়ককে ধন্যবাদ জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। একই সঙ্গে তার ১০০০ গোলের ঐতিহাসিক লক্ষ্যে পৌঁছানোর অভিযানে সাফল্য কামনা করেছে তারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সি রোনালদো। দেশের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন তিনি। ছয়টি বিশ্বকাপ ও ছয়টি ইউরোর চূড়ান্ত পর্বে খেলার কীর্তিও রয়েছে তার।
এক বিবৃতিতে পর্তুগাল ফুটবল ফেডারেশন বলেছে, 'পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাদের চিরন্তন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি আন্তরিক ও চিরস্থায়ী কৃতজ্ঞতা প্রকাশ করছে। তিনি আজ জাতীয় দল থেকে তার চূড়ান্ত অবসরের ঘোষণা দিয়েছেন।'
রোনালদোকে অনুপ্রেরণাদায়ী নেতা ও জাতীয় দলের চেতনার প্রতীক হিসেবে উল্লেখ করেছে ফেডারেশন। তার সম্মানে বিশেষ আয়োজন করার ইচ্ছার কথাও জানিয়েছে তারা।
বিবৃতির শেষাংশে ফেডারেশন লিখেছে, 'সবকিছুর জন্য ধন্যবাদ, অধিনায়ক! চলুন, ১০০০ গোলের লক্ষ্যের দিকে এগিয়ে যাই!!!'
পর্তুগালের প্রেসিডেন্ট আন্তোনিও হোসে সেগুরোও রোনালদোকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, 'পর্তুগালের পক্ষ থেকে, আমি রোনালদোকে ধন্যবাদ জানাই যেভাবে তিনি জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন, পর্তুগিজ জনগণকে অনুপ্রাণিত করেছেন এবং বিশ্বজুড়ে পর্তুগালের নাম বহন করে নিয়ে গেছেন।'