
বেতন আটকে দেয়ায় চুয়েট ক্যাম্পাসে দিনভর উত্তেজনা
প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৭:৩২

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগপত্রে সই করানোর প্রতিবাদে মানববন্ধন। ছবি: সংগৃহীত
মব সৃষ্টি করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগপত্রে সই করানো ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মবের নামে এ ধরনের হঠকারী আচরণ কোনোভাবেই কাম্য নয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে ঢুকে ২০-২৫ জনের একটি দল উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগপত্রে সই করিয়ে নেয়। অভিযোগ রয়েছে, এ সময় তাকে অপমান, লাঞ্ছিত এবং প্রাণনাশের হুমকিও দেয়া হয়।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা নাজমুল হোসাইন। জোর করে পদত্যাগপত্রে সই করানো ও সরকারি মালামাল লুটসহ চারটি অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলার পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান বলেন, ‘ভিডিও দেখে আসামিদের চিহ্নিত করা হচ্ছে। একই সাথে আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
এদিকে ঘটনার পর থেকে ক্যাম্পাসজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন সংশ্লিষ্টরা। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. মো. মোফাখখারুল ইসলাম জানান, উদ্ভূত পরিস্থিতিতে আজ বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রম পরিচালিত হয়নি।