
কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ
বাংলাদেশ
বাদশা সৈকত, কুড়িগ্রাম
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ২১:৫৬

কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা ও ফসলি জমি। ছবি: সময় সংবাদ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে গত এক সপ্তাহে অন্তত ১৭টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বসতবাড়ির পাশাপাশি বিঘার পর বিঘা কাঁচা-পাকা আমন ধান, ভুট্টা ও শাকসবজির ক্ষেত নদীতে তলিয়ে যাওয়ায় সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।
উপজেলার চর শৌলমারী ইউনিয়নের সুখেরবাতি ও খেদাইমারী গ্রামে এ ভাঙন মারাত্মক রূপ নিয়েছে। ভাঙনের তীব্রতা এতটাই বেড়েছে যে, চোখের সামনে খেত বিলীন হতে দেখে নদীর পাড় থেকে ঝুঁকি নিয়ে তড়িঘড়ি করে কাঁচা ও আধাপাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন কৃষকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষকদের এমন ধান কাটার ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত এক বছরেই এ এলাকায় ব্রহ্মপুত্রের ভাঙনে প্রায় সাড়ে পাঁচ শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মাস ছয়েক আগে ভাঙন রোধে জিও ব্যাগ ফেললেও নিয়মিত তদারকি ও স্থায়ী বাঁধ না থাকায় তীব্র স্রোতে সেগুলো নদীগর্ভে চলে গেছে। ফলে নদীর পাড় পুরোপুরি উন্মুক্ত হয়ে দ্রুত ভেঙে পড়ছে।
চর শৌলমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনছার আলী তুহিন জানান, গত এক সপ্তাহে তার ওয়ার্ডের সুখেরবাতি এলাকায় সাতটি এবং পার্শ্ববর্তী ৮ নম্বর ওয়ার্ডের খেদাইমারী গ্রামে অন্তত ১০টি বাড়ি নদীতে চলে গেছে। এ ছাড়া চরে নতুন বাড়ি করা আরও দুই ব্যক্তির বসতভিটাও বিলীন হয়েছে। তিনি জানান, বসতবাড়ির সঙ্গে কৃষকদের ধানি জমিও নদীগর্ভে হারিয়ে যাচ্ছে। সুখেরবাতি এলাকায় স্থানীয় কৃষক ইউনুছ মোল্লার দেড় বিঘা, ছবুর প্রামাণিকের এক বিঘা এবং জমসের আলীর বাড়িভিটাসহ তিন বিঘা ধানি জমি নদীতে বিলীন হয়ে গেছে।
ভিটেমাটি হারানো কৃষক জমসের আলী বলেন, ‘আমার তিন বিঘা জমিসহ বসতভিটা চোখের সামনে নদীগর্ভে চলে গেল। আমরা এখন খোলা আকাশের নিচে অন্যের জমিতে আশ্রয় নিয়েছি। কিন্তু পানি উন্নয়ন বোর্ড এখনো কার্যকর কোনো ব্যবস্থা নিল না।’
চর শৌলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এইচ এম সাইদুর রহমান জানান, সুখেরবাতি, খেদাইমারী ও সোনাপুর—এই তিন ওয়ার্ডে নদীভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। স্থায়ী ব্লকের ব্যবস্থা না করে কেবল জিও ব্যাগ ফেলে ব্রহ্মপুত্রের এমন তীব্র স্রোত ঠেকানো সম্ভব নয়। পাউবো যেসব জিও ব্যাগ ফেলেছিল, তা স্রোতে ভেসে গেছে। নদীভাঙনে নিঃস্ব হওয়া এসব পরিবারের জন্য পুনর্বাসন সহায়তা চালু না করলে মাথা গোঁজার ঠাঁই পাওয়া তাদের পক্ষে অসম্ভব।
এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, রৌমারীতে নদীভাঙন রোধে জরুরি কাজের জন্য বর্তমানে কোনো বরাদ্দ নেই। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। স্থায়ীভাবে ভাঙন ঠেকাতে একটি প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে, যা বর্তমানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে।